আ.লীগ নেতার মামলায় যুবলীগ নেতা কারাগারে
দিনাজপুরের বিরল উপজেলায় আওয়ামী লীগ নেতা ও বিরল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সবুজার সিদ্দিকের চাঁদাবাজির মামলায় গতকাল বুধবার যুবলীগ নেতা ইকবাল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে।
সবুজার সিদ্দিক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইকবাল উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়ন শাখা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
সবুজার সিদ্দিক বলেন, গত সোমবার রাত নয়টার দিকে বিরল বাজারে ডাক্তার মিনুর দোকানের সামনে দাঁড়িয়ে তিনি কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ সময় ইকবাল অজ্ঞাত চার যুবককে নিয়ে এসে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে তাঁকে (সবুজার সিদ্দিক) পাশে ডেকে নেন। পরে ইকবাল রিভলবার দিয়ে ভয় দেখিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সবুজারকে তিন লাখ টাকা দিতে বলেন। টাকা দিতে অস্বীকার করলে ইকবাল রিভলবারের বাঁট দিয়ে সবুজার সিদ্দিকের মাথার পেছনে আঘাত করেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইকবালকে আটক করে পুলিশে সোর্পদ করেন। পরে তাঁকে (সবুজার) রাতেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় সবুজার সিদ্দিক বাদী হয়ে ইকবাল হাসানসহ অজ্ঞাত চারজনকে আসামি করে গত মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেন।
বিরল থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত বলেন, গতকাল ইকবালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।