আ.লীগ নেতার মুক্তির দাবি
রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগের নেতা শফিকুল ইসলাম সুজ্জলের মুক্তি ও তাঁর নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলাবাসীর ব্যানারে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে শহরের দেওয়ানপাড়ার নিজ বাড়ি থেকে র্যাবের সদস্যরা পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করে। মানববন্ধনে শফিকুল ইসলামের স্ত্রী তানিয়া সুলতানা বলেন, র্যাবের সদস্যরা ওই রাতে জোরপূর্বক ঘরে ঢুকে তাঁর স্বামীকে আটক করে। এরপর এক সদস্য ঘরে খাটের জাজিমের নিচে অস্ত্র লুকিয়ে রাখেন। কিছুক্ষণ পর তিনি জাজিমের নিচ থেকে অস্ত্র উদ্ধারের কথা জানান। এ সময় স্থানীয় পৌরসভার কাউন্সিলরসহ আশপাশের লোকজন বিষয়টি জানলেও ভয়ে কিছুই বলতে সাহস পাননি।
অন্য বক্তারা বলেন, রাজনৈতিকভাবে হয়রানি ও ষড়যন্ত্রমূলকভাবে শফিকুলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। নইলে আরও বড় ধরনের কর্মসূচির ডাক দেওয়া হবে।