আ.লীগ নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক তাপস কান্তি দত্তের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেছেন তাঁর দলের নেতা-কর্মীরা।

গতকাল মঙ্গলবার দুপুরে কেরানীহাট-বান্দরবান সড়কের বাজালিয়া বাসস্ট্যান্ড এলাকায় ওই কর্মসূচি পালিত হয়। এ সময় সড়কের দুপাশে শতাধিক গাড়ি আটকা পড়ে। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

থানা-পুলিশ সূত্র জানায়, গত ইউপি নির্বাচনের দিন এক পরিবহনশ্রমিককে মারধরের অভিযোগে তাপস কান্তি দত্তসহ ছয়জনকে আসামি করে মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত তাপস কান্তি দত্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

চট্টগ্রাম জেলা আদালত পুলিশের পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান বলেন, গতকাল তাপস কান্তি দত্ত আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সারের আদালত এ আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তাপস কান্তি দত্তকে কারাগারে পাঠানোর খবর সাতকানিয়ায় পৌঁছার পর বেলা দুইটার দিকে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বাজালিয়া বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। এ সময় অবরোধকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল ও সমাবেশ করেন। এ সময় যানবাহন আটকা পড়ায় পর্যটকসহ যাত্রীদের দুর্ভোগ হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী বলেন, তাপস কান্তি দত্তকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়ক অবরোধের পাশাপাশি মিছিল-সমাবেশ করেছেন। প্রশাসনের লোকজনের অনুরোধে তাঁরা অবরোধ তুলে নেন।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) হিরু বিকাশ দে প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে তিনটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।