আ.লীগ নেতার রগ কাটার পর অ্যাম্বুলেন্সে হামলা
খাসজমি দখলকে কেন্দ্র করে নাটোরের নলডাঙ্গায় আওয়ামী লীগের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন একই দলের অন্য কর্মীরা। রগ কেটেই ক্ষান্ত হননি, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নিশ্চিত করতে ফের অ্যাম্বুলেন্সে হামলা চালান তাঁরা।
গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মোমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার এ ব্যাপারে নলডাঙ্গা থানায় মামলা হয়েছে। গুরুতর আহত আওয়ামী লীগের ওই কর্মীর নাম মনছুর প্রামাণিক (৫২)। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নলডাঙ্গা থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিন মাস আগে মোমিনপুর গ্রামের মুনছুর প্রামাণিক খাসজমিতে একটি ঘর তোলেন। এতে বাধা দেন ওই গ্রামেরই আক্কাছ আলী ও তাঁর ছেলে মিজানুর রহমান। এ নিয়ে উভয় পক্ষ নলডাঙ্গা থানায় দুটি মামলা করে। এর জের ধরে গত শুক্রবার রাত ১০টার দিকে মিজানুরের নেতৃত্বে ১৪-১৫ জন মুনছুর প্রামাণিককে বাড়ি থেকে পাশের রাস্তায় ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে মনছুরের দুই পায়ের রগ কেটে যায়। তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে মৃত ভেবে হামলাকারীরা চলে যায়।
এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাত সাড়ে ১১টায় সদর হাসপাতালের সামনে হামলাকারীরা তাঁর মৃত্যু নিশ্চিত করতে আবার হামলা চালায়। এ সময় মুনছুর প্রামাণিকের স্ত্রীর চিৎকারে আশপাশের দোকানদার ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা হামলাকারী মিজানুর রহমান (২৭), উজ্জ্বল (২৮), ফারুক (২০), জাহিদুর (২৫), শিমুলকে (২৮) আটক করেন। এ সময় হামলাকারীদের বহনকারী একটি ভটভটি জব্দ করা হয়। ভটভটি থেকে লাঠি, রড, চাপাতি ও ছোরা উদ্ধার করে পুলিশ। পরে আহত মুনছুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় মুনছুরের মেয়ে মরিয়ম বেগম বাদী হয়ে গতকাল সকালে নলডাঙ্গা থানায় মিজানুর রহমানসহ ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।