আ.লীগ নেতার রহস্যজনক মৃত্যু বিএনপি-সমর্থকদের বাড়ি ভাঙচুর
সাড়ে চার হাজার কলাগাছ কেটে ফেলা হয়েছে। মেহগনিসহ অন্যান্য গাছ কাটা পড়েছে আরও পাঁচ শতাধিক। ১০টি পরিবারের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। গোয়ালের গরু নিয়ে গেছে প্রতিপক্ষ। ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকার। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা কেউ গ্রামে ঢুকতে পারছে না। এই অবস্থা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের। ওই গ্রামের আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলীর মৃত্যুকে ঘিরে একপক্ষ গোটা গ্রামে তাণ্ডব চালাচ্ছে। অন্যপক্ষের সবাই বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। গত ১১ সেপ্টেম্বর ইদ্রিস আলী মারা যান। তাঁর পরিবারের সদস্যদের দাবি, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আর প্রতিপক্ষ বলছে, তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁদের শায়েস্তা করতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। চালানো হচ্ছে লুটপাট ও ভাঙচুর। সম্প্রতি সরেজমিনে ফুলহরি গ্রামে গিয়ে বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। গ্রামবাসী জানায়, ইদ্রিস আলী ক্ষমতাসীন দলের নেতা ছিলেন। আর প্রতিপক্ষরা বিএনপি-সমর্থিত। বিএনপি-সমর্থিত ব্যক্তিরা কেউ গ্রামে নেই।জানা যায়, ইদ্রিস আলী ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন। স্থানীয়ভাবে যথেষ্ট জনপ্রিয় ছিলেন তিনি। গ্রামবাসী জানায়, গত ১১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ইদ্রিস আলী তাঁর গ্রামের এক আত্মীয়ের বাড়িতে যান। সেখান থেকে ফেরার পথে রাস্তার ধারে মৃত অবস্থায় পড়ে ছিলেন। রাতেই পথচারীরা তাঁর পরিবারের লোকজনকে খবর দেয়। এরপর তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সকালে পুলিশ এসে ইদ্রিস আলীর লাশের ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে নিয়ে যায়।ইদ্রিস আলীর ছেলে সিদ্দিকুর রহমান অভিযোগ করেন, তাঁর বাবাকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার পর রাস্তার ধারে ফেলে রাখে। দীর্ঘদিন ধরে সন্ত্রাসীরা তাঁর বাবাকে হত্যার চক্রান্ত করছিল। বিএনপি-সমর্থক আবদুর রাজ্জাক প্রথম আলোকে জানান, ঘটনার পর ১৩ সেপ্টেম্বর রাত আটটার দিকে ইদ্রিস আলীর ছেলে সিদ্দিকুর রহমান শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যে মামলায় তাঁকেসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। ঘটনার কয়েক দিন পর ইদ্রিস আলীর পক্ষের লোকজন গ্রামের হাবিব ও আহসান নামের তাঁদের পক্ষের (বিএনপি সমর্থিত) দুজনকে আটক করে ব্যাপক মারপিট করেন। পরে তাঁদের দুজনকে পুলিশের হাতে তুলে দেন। হত্যা মামলার এজাহারে তাঁদের নাম না থাকলেও পুলিশ ওই দুজনকে হত্যা মামলায় সন্দেহ করে আদালতে পাঠিয়েছে। তাঁরা এখন কারাগারে রয়েছেন। আবদুর রাজ্জাকের ভাষ্যমতে, ২১ সেপ্টেম্বর বিকেলে হঠাৎ করে শুরু হয় ভাঙচুর ও লুটপাট। তাঁর বাড়িসহ বিএনপি সমর্থিত ১০টি পরিবারের বাড়িঘর ভাঙচুর করা হয়। গোয়ালের গরু, গোলার ধান সবই লুট করা হয়। মাঠের ফসলেরও ক্ষতি করা হয়েছে। তুহিন খন্দকারের দুই হাজার কলাগাছ, আবদুর রাজ্জাকের এক হাজার কলাগাছ ও ৩০০ মেহগনিগাছ এবং ফজলুর রহমানের দেড় হাজার কলাগাছ কেটে ফেলা হয়েছে। এ ছাড়া মামলায় যাঁদের আসামি করা হয়েছে তাঁদের সবার খেতের ফসল নষ্ট হচ্ছে। কেউ মাঠে যেতে পারছে না। গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন বলেন, ‘একটি মৃত্যুকে কেন্দ্র করে এভাবে ভাঙচুর ও লুটপাট ঠিক নয়।’ইদ্রিস আলীর ছেলে সিদ্দিকুর রহমান জানান, গ্রামের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠায় কিছু ঘটনা ঘটেছে। তবে ফসলের কেউ ক্ষতি করেনি বলে দাবি করেন তিনি। শৈলকুপা থানার ওসি শাহিদুল ইসলাম জানান, মামলাটির তদন্ত চলছে। এজাহারভুক্ত কোনো আসামি আটক করা সম্ভব হয়নি। তবে গ্রামের লোকজন দুজনকে সন্দেহ করে তাঁদের হাতে তুলে দিয়েছেন। গ্রামটিতে ভাঙচুর ও লুটপাটের বিষয়ে তিনি কিছু জানেন না।