আ.লীগ নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের দোকান থেকে গতকাল মঙ্গলবার গোয়ালন্দ শহর আওয়ামী লীগের সহসভাপতি ফজলুর রহমান মোল্লা ওরফে ফজর আলীর (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার মধ্যরাতে দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ঘাটে আঞ্জুমানে কাদরিয়া খানকা পাক শরিফের প্রবেশপথের সামনে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স ফজলু স্টোরে প্রতিদিনের মতো রোববার রাতে ঘুমিয়ে পড়েন ফজলুর রহমান। গতকাল সকালে স্থানীয় লোকজন দোকানের একটি ঝাঁপ খোলা দেখে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ভেতরে উঁকি দিয়ে ফজলুর লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্র জানায়, ফজলুর রহমানের লাশের মুখে সাদা টেপ লাগানো ছিল। লাশের গলায় শ্বাসরোধে হত্যার চিহ্ন দেখা গেছে। তাঁর বাড়ি পৌর এলাকার নিলু শেখের পাড়ায়।
ফজলুর রহমানের ছেলে আলমগীর হোসেন জানান, তাঁর বাবা কয়েক দিন আগে শহরের জামতলা এলাকায় যৌথ মালিকানার একটি জমি বিক্রি করে এক লাখ টাকা দোকানে নিয়ে রাখেন। দুর্বৃত্তরা ওই টাকা নেওয়ার জন্যই সম্ভবত তাঁকে হত্যা করেছে। কিন্তু টাকাটা দোকানেই পড়ে থাকায় হত্যাকাণ্ড রহস্যজনক মনে হচ্ছে।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দলে তিনি খুন হতে পারেন। পুলিশ লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ফজলুর ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছে।’