আ.লীগ নেতার সঙ্গে বৈঠকের পর শিবিরের ভাঙচুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাসের পরিস্থিতি স্থিতিশীল রাখতে গত সোমবার দুপুরে নগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাছিরউদ্দিন জামায়াতের চিকিৎসক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সদ্য কারামুক্ত মেডিকেলের ৪০ শিক্ষার্থীকে রাজনৈতিক হয়রানি না করা এবং সহাবস্থানের ব্যাপারে সমঝোতা হয়। ১৮ নভেম্বর প্রবর্তক মোড়ে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলা ও ভাঙচুরের ঘটনায় তাঁরা গ্রেপ্তার হয়েছিলেন। সমঝোতার পর সোমবার রাতে মেডিকেলের উল্টোদিকে প্রবর্তক মোড়ে হরতালের সমর্থনে পুনরায় যানবাহন ভাঙচুর করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ ঘটনায় চমেক শিবিরের কর্মীরাও জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।চমেক শিক্ষার্থীদের মুক্তির বিষয়টি স্বীকার করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ দাশ বলেন, ‘সোমবার রাতে প্রবর্তক এলাকায় ভাঙচুর হয়েছে। এতে চমেক শিবিরের কর্মীরা জড়িত কি না, সেটা আমরা তদন্ত করছি। এর আগে ১৮ নভেম্বর সেখানে তারা ভাঙচুর করেছিল।’ সম্প্রতি তাঁরা জামিনে মুক্তি পান। মুক্তির পর তাঁদের ওপর হয়রানি না করা এবং সহাবস্থান যাতে বজায় থাকে, সে জন্য সোমবার চমেকের অধ্যক্ষের কার্যালয়ে আওয়ামী লীগ ও জামায়াতের চিকিৎসক নেতাদের বৈঠক হয়। এ সময় আওয়ামী লীগের নেতা আ জ ম নাছিরউদ্দিন এবং জামায়াতের চিকিৎসক সংগঠন এনডিএফের নেতা আবু নাছের চৌধুরী ও মুসলিম উদ্দিন উপস্থিত ছিলেন। বৈঠকের কথা স্বীকার করে চমেকের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘অধ্যক্ষ হিসেবে আমি কখনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে পারি না। ক্যাম্পাসের শান্তি রক্ষার্থে দুই পক্ষের নেতারা ক্যাম্পাসে এসে সমঝোতার চেষ্টা করেছেন। অতীতেও ক্যাম্পাস সচল রাখার স্বার্থে এ ধরনের প্রক্রিয়া হয়েছিল।’ এনডিএফের সাবেক সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন বৈঠকের কথা স্বীকার করে বলেন, ‘আমাদের ১১০ জনের মতো ছেলে বাইরে আছে। যারা কারাগারে ছিল, তারা যাতে এখন পরীক্ষা দিতে পারে এবং তাদের ওপর কোনো হয়রানি না হয়, সে কারণে বৈঠকটি হয়।’প্রবর্তক মোড়ে সোমবার রাতে ভাঙচুরের ঘটনায় চমেক শিবিরের কর্মীরা জড়িত নন বলে মুসলিম উদ্দিন দাবি করেন। আজম নাছির বলেন, ‘আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। তাই অধ্যক্ষ্যের অনুরোধে আমি গিয়েছিলাম। সেখানে জামায়াতের চিকিৎসক নেতারাও ছিলেন। আমি তাঁদের বলে দিয়েছি যাতে কোনো অনৈতিক কিংবা অস্থিতিশীল কর্মকাণ্ড তাঁরা না করেন। যদি কিছু করেন, তাহলে এর দায় নেতাদের নিতে হবে। তবে রাতে ভাঙচুরের বিষয়টি আমার জানা নেই।’