আ.লীগ নেতার সেই বাঁধ অপসারণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদীতে আওয়ামী লীগ নেতার নির্মিত সেই বাঁধ অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আইনজীবী ইকবাল কবির গত সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আদালত গত সোমবার দুপুরে বাঙ্গালী নদীর স্বাভাবিক প্রবাহ বিঘ্নকারী বাঁধ অপসারণ করে সংশ্লিষ্ট প্রতিবেদন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও বগুড়ার জেলাপ্রশাককে আগামী চার সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দেন।
একই সঙ্গে আদালত সীমানা নির্ধারণ করে নদীটি রক্ষার নির্দেশ কেন প্রদান করা হবে না তা জানতে চেয়ে বিবাদীদের ওপর রুল জারি করেন। এ ছাড়াও বাঁধ নির্মাণের ফলে নদীর পরিবেশের যে ক্ষতি হয়েছে তা নিরূপণ করে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে কেন ক্ষতিপূরণ আদায় করার নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চেয়েছেন আদালত।
বিচারপতি মির্জা হোসেন হায়দার এবং বিচারপতি মুহামঞ্চদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ তারেক হেলাল বাঙ্গালী নদীর আড়িয়ামারা এলাকায় বাঁধ নির্মাণ করে মাছ চাষ করছেন।
এ বিষয়ে গত বছরের ১৯ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ আ.লীগ নেতার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।