আ.লীগ নেতার সেই ভবনের কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগ নেতার ভবন নির্মাণে অনুমোদিত নকশার বাইরে প্রায় ৮০০ বর্গফুট অতিরিক্ত জায়গা দখল করার অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত ওই জায়গা সরকারি রাস্তা ও খালের।আখাউড়া পৌরসভার মেয়র এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছেন। ইউএনওর এক নোটিশে আপাতত নির্মাণকাজ বন্ধ রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, আখাউড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবদুল মতিন শহরের সড়ক বাজারে বহুতল বাণিজ্যিক ভবনের নির্মাণকাজ শুরু করেন গত বছর অক্টোবরে। শুরু থেকেই সরকারি খাল ও রেলওয়ের জমি দখল করে ওই ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। তবে গাজী আবদুল মতিন ওই জমি তাঁদের বৈধ সম্পত্তি বলে দাবি করে আসছেন। এ বিষয়ে গত ২ জানুয়ারি প্রথম আলোয় ‘সরকারের খাল, রেলওয়ের জমি/ভবন বানাচ্ছেন আ.লীগ নেতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ জায়গাটি মাপঝোক করে দেয়। ২৩ ফেব্রুয়ারি পৌর মেয়র আখাউড়ার ইউএনওর কাছে এ বিষয়ে অভিযোগ করেন। তাতে বলা হয়েছে, পৌরসভার অনুমোদিত নকশা অনুযায়ী এক হাজার ১৩৩ বর্গফুট জায়গায় ভবন নির্মাণ হওয়ার কথা। কিন্তু ভবনটি নির্মাণ করা হচ্ছে এক হাজার ৯০০ বর্গফুট জায়গায়। অতিরিক্ত ওই জায়গা সরকারি রাস্তা ও পৌরসভার পানি নিষ্কাশনের একমাত্র খালের অংশ।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ বিষয়ে বলেন, ইউএনওর নির্দেশ পাওয়ার পর ওই দিনই তিনি নোটিশ দেন। তবে এর আগেই নির্মাণকারী কাজ বন্ধ করে দেয়।জানতে চাইলে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গাজী আবদুল মতিন বলেন, রেলওয়ে ভূসম্পত্তি বিভাগ ও উপজেলা ভূমি কার্যালয় যে সীমানা নির্ধারণ করে দিয়েছে সে স্থানেই ভবন হচ্ছে। ২০১০ সালে পৌরসভা নকশা অনুমোদন করে। সেখানে বেইজমেন্টে এক হাজার ৭৪০ বর্গফুট স্থান আর ওপরে এক হাজার ১৩৩ বর্গফুটে কাজ করার অনুমোদন আছে। সেই মতোই কাজ হচ্ছে। আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা বলেন, ভবনটি পৌরসভার অনুমোদিত নকশা-বহির্ভূতভাবে নির্মাণ করা হচ্ছে। অতিরিক্ত যে জায়গা নির্মাণকারী দখল করেছেন, তা সরকারি রাস্তা ও খালের। ইউএনও আবুল হাশেম বলেন, পৌরসভা ও নির্মাণকারী দুই পক্ষের বক্তব্য শুনে ও সরকারি সার্ভেয়ার দ্বারা পরিমাপ শেষে ব্যবস্থা নেওয়া হবে।