দরপত্রে কাজ পাননি বলে রাজধানীর মহাখালীর স্থানীয় আওয়ামী লীগের নেতা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। পরিচালকসহ একাধিক কর্মকর্তা প্রথম আলোর কাছে অভিযোগ করেছেন, ওই নেতার সঙ্গে আসা লোকজন পরিচালককে অফিস থেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল রোববার দুপুর ১২টার দিকে ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম হোসেনের নেতৃত্বে ২০-২২ জনের একটি দল প্রতিষ্ঠানের পরিচালকের কক্ষে ঢুকে পড়ে। ঢুকেই তারা চেয়ার ও পরিচালকের টেবিলের কাচ ভাঙে। পরিচালককে শারীরিকভাবে লাঞ্ছিত করে, তাঁকে চেয়ার থেকে ফেলে দেয়। এরপর তারা পরিচালককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
বেলা তিনটায় ওই প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, র্যাবের দুজন সদস্য ঘোরাঘুরি করছেন। পরিচালকের কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তারা বসে আছেন। পরিচালক বারবার বলছেন, ‘এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা সম্ভব না।’ একজন কর্মকর্তা দরপত্রের কাজ থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়ে পরিচালককে চিঠিও দেন এই প্রতিবেদকের সামনে।
প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ হেদায়েতুল ইসলাম প্রথম আলোকে বলেন, দরপত্রে অংশগ্রহণ করে কাজ না পাওয়ার কারণে আওয়ামী লীগের স্থানীয় নেতা আসলাম হোসেন তাঁর ওপর ক্ষিপ্ত। ৩০ এপ্রিল আসলাম তাঁকে হুমকি দিয়ে গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা চারজন (কর্মসূচি ব্যবস্থাপক মোহাম্মদ মওদুদ হোসেন, উপকর্মসূচি ব্যবস্থাপক নাসরীন খান ও মীর মোবারক হোসেন এবং তিনি নিজে) জরুরি কাজ করছিলাম। ১২টার দিকে আসলাম ২০-২২ জন লোক নিয়ে আমার কক্ষে ঢুকে পড়েন। কাজ না পাওয়ার কারণ জানতে চান। আমার ওপর চড়াও হন।’ তিনি বলেন, ‘আমি নিরীহ মানুষ। বেতনের টাকা গুনে সংসার চালাই। এত চাপ কী করে সামলাব।’
জানা গেছে, পুষ্টিসম্পর্কিত প্রচার-প্রচারণার সাড়ে চার কোটি টাকার কাজ দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রতিষ্ঠানের কর্মকর্তারা অভিযোগ করেন, টেন্ডার-প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একটি বেসরকারি টিভি চ্যানেল ও বাংলাদেশ টেলিভিশনের একজন প্রযোজক কাজ পাওয়ার জন্য চাপ দিয়ে আসছেন।
এর আগে ভিটামিন ‘এ’ প্রচারণার কাজ পাওয়ার জন্য ৩১ মার্চ স্থানীয় ছাত্রলীগের একটি দল অস্ত্র নিয়ে এই কর্মকর্তাদের হুমকি দিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, ৩১ মার্চের পরে অন্তত পাঁচ দিন অস্ত্রধারীরা এই প্রতিষ্ঠানে এসেছেন। স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়কে প্রতিবারই জানানো হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা কেউ নেয়নি। উল্টো, ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় মামলা করতে নিষেধ করেছেন।
গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে জনা তিরিশেক কর্মকর্তা ও কর্মচারী পরিচালকের কক্ষে সমবেদনা জানাতে উপস্থিত হন। পরিচালক তাঁদের কাছে করণীয় জানতে চান। একাধিক কর্মকর্তা ও কর্মচারী বলেন, মহাখালী এলাকায় চাঁদা ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত ব্যক্তিকে পুষ্টি প্রতিষ্ঠানের নিরাপত্তার কাজ দেওয়া হয়েছে (আউট সোর্সিং করে)। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা প্রতিষ্ঠানের একটি কক্ষে প্রতি রাতে মদ আর জুয়ার আড্ডা বসান। এঁদের ভয়ে থাকেন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।
বিকেল চারটায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী দীন মোহাম্মদ নুরুল হক ঘটনা জানতে পুষ্টি প্রতিষ্ঠানে আসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি এমন হলে সরকারি কর্মকর্তারা কাজ করবেন কীভাবে?’
এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, গতকালের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এর আগে সন্ত্রাসীদের তৎপরতার পরও কেন পুলিশ ব্যবস্থা নেয়নি জানতে চাইলে ওসি বলেন, ‘এর আগে তাঁরা থানায় কোনো অভিযোগই দেননি।’