আ.লীগ নেতার হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত, বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই শিক্ষকের কাছ থেকে চাঁদা দাবির প্রতিবাদ করায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে আওয়ামী লীগের এক নেতা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মিরাসানি পলিটেকনিক একাডেমির শিক্ষার্থীরা ও এলাকাবাসী।অভিযুক্ত আনোয়ার হোসেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মিরাসানি পলিটেকনিক একাডেমির ব্যবস্থাপনা কমিটির সদস্য। তিনি প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ অস্বীকার করেছেন।লাঞ্ছিত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ৩ ফেব্রুয়ারি বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে ফারুক আহমেদ ও গণিত বিষয়ের শিক্ষক হিসেবে জয়নাল আবেদীনকে নিয়োগ দেওয়া হয়। ১৪ ফেব্রুয়ারি তাঁরা কর্মস্থলে যোগ দেন। ওই দিন ব্যবস্থাপনা কমিটির সদস্য আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন ওই দুই শিক্ষকের কাছে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। সহকারী প্রধান শিক্ষক ফারুক আহমেদ বলেন, ১৬ ফেব্রুয়ারি শনিবার তিনি ও জয়নাল আবেদীন সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে আনোয়ার তাঁদের বাধা দেন এবং অসদাচরণ করেন। এ সময় প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও মিরাসানী বাজার কমিটির সভাপতি আওয়াল মিয়া এগিয়ে এলে আনোয়ার তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করেন এবং বিদ্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনার পর সন্ধ্যায় সাধারণ ডায়েরি করতে বিজয়নগর থানায় যান প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। ফেরার পথে স্থানীয় তোলাতলা গ্রামের মাদ্রাসার কাছে দলবল নিয়ে তাঁর পথ রোধ করেন আনোয়ার। তাঁরা প্রধান শিক্ষকের চোখে-মুখে কিল-ঘুষি মারেন। এলাকাবাসী সূত্র জানায়, আনোয়ারকে গ্রেপ্তারের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী, বাজারের ব্যবসায়ী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল দুপুরে বিদ্যালয়ের মাঠে মিছিল ও সমাবেশ করে। মিরাসানি বাজার কমিটির সাধারণ সম্পাদক সোলায়মান হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাবুল চৌধুরী, মোজাম্মেল হোসেন, জিয়া উদ্দিন প্রমুখ।আনোয়ার হোসেন বলেন, ‘প্রধান শিক্ষক গোলাম মোস্তফা তাঁর ভায়রাকে নিয়োগ দিয়ে স্বজনপ্রীতি করেছেন। পরিচালনা কমিটির সদস্য হিসেবে এর প্রতিবাদ করায় তিনি আমার বিরুদ্ধে মিথ্যা নাটক সাজাচ্ছেন।’ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘প্রধান শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনাটি শুনেছি। আনোয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে বলেছি।’বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহাম্মেদ নিজামী বলেন, ‘আনোয়ারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’