সকাল ৯টা ৫৪ মিনিট। কেন্দ্রের সামনে নেই কোনো ভোটার। গাড়ি নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে ঢোকার সঙ্গে সঙ্গে কয়েকজন উচ্চ স্বরে বলে উঠলেন, ‘এই সাংবাদিক আইয়ে।’
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের চিত্র এটি। গতকাল সাংবাদিকদের দেখে মুহূর্তেই এদিক-সেদিক ঘুরতে থাকা কয়েকজন তরুণ ভোটার সেজে লাইনে দাঁড়িয়ে পড়লেন। কেন্দ্রের ভেতর থেকে বেরিয়ে এলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন। এসেই হাত বাড়িয়ে করমর্দন করেন এই দুই প্রতিবেদকের সঙ্গে। কিন্তু তাঁর হাত মুষ্টিবদ্ধ। হাতে কী জানতে চাইলে তিনি হাত পেছনে লুকিয়ে ফেলেন। মুখে মুচকি হাসি। জোরাজুরির একপর্যায়ে বললেন, ‘হ্যাঁ, এই আর কি, এই চলতেছে।’
এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৬১৫ জন। এর মধ্যে সকাল ৯টা ৫৫ মিনিটের মধ্যেই ভোট পড়ে প্রায় ৭০০। দিন শেষে এই সংখ্যা দাঁড়ায় ১ হাজার ২৭৬টি।
কেন্দ্রের বাইরে হামিদ আলী নামের এক ভোটার অভিযোগ করেন, ‘ভাই, ভোট দিতে গেছিলাম। কিন্তু ভোট দেওয়া অই গেছে। এই যে আওয়ামী লীগের সেক্রেটারি ইমাম ভাই আছেন, ওনার সামনেই বিচারটা দিলাম।’
অভিযোগ শুনে ইমাম হোসেন মুচকি হাসতে থাকেন। বলেন, ‘উনাকে বলছিলাম যেকোনো ব্যক্তির একটা ভোট দিয়ে দেন। উনি দিলেন না।’ নিজের ভোট না থাকলে কেমনে ভোট দেবে প্রশ্নে তিনি বলেন, ‘একটা দিলেই তো হলো ভাই’। ভোট দিতে এসে না দিতে পারা একই অভিযোগ করলেন নুরুন্নবী নামের আরেক ভোটার।
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন দিলীপ কুমার পাল। জাল ভোটের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে তাঁদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। অল্প সময়ের মধ্যে এত ভোট পড়ার বিষয়ে তিনি বলেন, ‘সকালের দিকে ভোটার ছিল, এখন কম।’
এই কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) শওকত আল মামুন বলেন, বাইরের পরিস্থিতি দেখার দায়িত্ব তাঁর। ভেতরেরটা দেখবেন প্রিসাইডিং কর্মকর্তা। কেন্দ্রের বাইরের সবকিছু সুন্দর, ঠিকঠাক চলছে।