আ.লীগ নেতার 'বাধার' মুখে অভিযান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বৃহস্পতিবার ২৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা নির্বাহী হাকিম নুসরাত জাহান। পরে আওয়ামী লীগ নেতার ‘বাধার’ মুখে এই অভিযান বন্ধ হয়ে যায়।
মানিকগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত বিভিন্ন স্থানে ৭৪৫টি অবৈধ স্থাপনা রয়েছে। প্রায় চার মাস আগে এসব স্থাপনা সরিয়ে নিতে কিংবা ভেঙে ফেলতে অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হয়। গত বুধবার অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বাসস্ট্যান্ড এলাকায় মাইকিং করা হয়। কিন্তু এতেও কাজ হয়নি। এ অবস্থায় গতকাল বেলা আড়াইটা থেকে পুলিশের সহযোগিতায় বাসস্ট্যান্ড এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। দুই ঘণ্টায় প্রায় ২৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পশ্চিম পাশে উচ্ছেদ অভিযান চালানোর সময় পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান বাধা দেন। এ নিয়ে সওজের কর্মকর্তাদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। এরপর উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায়।
বাধার মুখে উচ্ছেদ অভিযান বন্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করে জেলা সওজের উপবিভাগীয় প্রকৌশলী গাউসুল আজম বলেন, পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রমজান আলী সওজের জমিতে দোকানঘর নির্মাণ করে বরাদ্দ দিয়েছেন। ওই দোকানঘর উচ্ছেদ করতে গেলে আওয়ামী লীগ নেতা মোনায়েম খান বাধা দেন। তিনি সওজের উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলামকে হুমকি-ধমকি দেন। পৌরসভার মেয়রের সঙ্গে আলোচনা করে বিষয়টি সুরাহার জন্য সময় চান। পরে অভিযান বন্ধ রাখা হয়।
এ বিষয়ে মন্তব্য জানতে রমজান আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
বকাঝকার অভিযোগ অস্বীকার করে মোনায়েম খান বলেন, ‘লোকজনকে (অবৈধ দখলদার) দোকানঘর বরাদ্দ দিয়েছে পৌরসভা। প্রতি মাসে ওই লোকজন পৌরসভাকে ভাড়া দেন। তাই উচ্ছেদ অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এসব দোকানঘর না ভাঙতে অনুরোধ করেছি। বিষয়টি আগামী রোববার পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সুরাহার সময় চেয়েছি। কাউকে হুমকি দেওয়া হয়নি।’
এ বিষয়ে জেলা নির্বাহী হাকিম নুসরাত জাহান মন্তব্য করতে রাজি হননি।