আ.লীগ নেতারা কাটলেন সরকারি গাছ!
রাজবাড়ী সদর উপজেলায় সড়কের পাশ থেকে একটি সরকারি গাছ আওয়ামী লীগের স্থানীয় এক নেতার নির্দেশে কাটা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।ওই দিন বিকেলে সরেজমিনে দেখা গেছে, রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া-ভাণ্ডারিয়া-আলীপুর সড়কের ভাণ্ডারিয়া বাজারের কাছে কুনাইলা এলাকার সড়কের পাশ থেকে একটি বড় কড়ইগাছ কাটছেন স্থানীয় দুই শ্রমিক। এ সময় তাঁরা জানান, পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সিরাজুল ইসলামের নির্দেশে গাছটি কাটা হচ্ছে।রাজবাড়ী সদর উপজেলা প্রকৌশলী মো. জালাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাছটি জব্দ করে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে। এ ছাড়া শুনেছি, কাজী সিরাজুল ইসলাম এটি কেটেছেন।’মো. জালাল উদ্দিন আরও বলেন, ‘রাস্তার পাশ থেকে কোনো গাছ কাটার আগে আমাদের অবহিত করা উচিত ছিল। এটি চরম অন্যায় হয়েছে। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলীকে অবহিত করে সহকারী কমিশনারের (ভূমি) সহযোগিতায় জমির সীমানা নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’