আ.লীগ নেতাসহ অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ভাঙচুর ও তাঁকে লাঞ্ছিত করার ঘটনায় আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাসহ অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তবে গত রোববার রাত নয়টা পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।শনিবারের ঘটনায় সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কাশিয়ানী থানায় মামলাটি করেন লাঞ্ছিত যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়াদ উদ্দিন আহম্মেদ। গত শনিবার রাতে মামলাটি তালিকাভুক্ত হয়।মামলার আসামিদের মধ্যে রয়েছেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সরাফাত হোসেন ওরফে লাভলু মৃধা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কাশিয়ানী এম এ খালেক কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) তুহিন মুন্সি, কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মতিউর রহমান, শিমুল, মহব্বত, মনির ও ডাবলু। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। হামলার ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে রোববার সকালে ন্যাশনাল সার্ভিস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণার্থীরা কাশিয়ানীতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মিছিল বের করেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যুব উন্নয়ন কার্যালয়ের সামনে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগের মো. হায়দার আলী, জসীম উদ্দীন, রাজু মৃধা, দিদার মুুন্সি, লেলিন শেখ, কাজী আজিজুর রহমান প্রমুখ। নাম প্রকাশে অনিচ্ছুক কাশিয়ানী উপজেলায় কর্মরত একাধিক সরকারি কর্মকর্তা অভিযোগ করেছেন, মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের দেখেও না দেখার ভান করছে।মামলার তদন্ত কর্মকর্তা ও কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) মুনসুর হাবিব অভিযোগ অস্বীকার করে বলেন, আসামি গ্রেপ্তারে পুলিশ তাঁদের বাড়িতে হানা দিয়েছে। কিন্তু গা-ঢাকা দেওয়ায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ন্যাশনাল সার্ভিস প্রকল্পের উপজেলার সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, ‘নেতাদের অযৌক্তিক আবদার না মানায় তাঁরা এ তাণ্ডব চালান। থানায় নিয়মিত মামলা হয়েছে। পরিস্থিতি এখন অনেক শান্ত। কাল (আজ) সোমবার থেকে প্রশিক্ষণ শুরু করা যাবে বলে আশা করছি।’কাশিয়ানী উপজেলায় ন্যাশনাল সার্ভিস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতার পছন্দের প্রার্থী সুযোগ না পাওয়ায় গত শনিবার যুব উন্নয়ন কার্যালয় ও সরকারি কর্মকর্তাদের ডরমেটরিতে ভাঙচুর চালানো হয়। নেতা-কর্মীরা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদকেও লাঞ্ছিত করেন।