কুমিল্লার চৌদ্দগ্রামে সালিস বৈঠক শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগের এক নেতাসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় সন্ত্রাসী চক্র সালিসদারদের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর ও একটিতে অগ্নিসংযোগ করে। গতকাল মঙ্গলবার বিকেলে কাশিনগর ইউনিয়নের রানীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কাশিনগরের জয়মঙ্গলপুর (সাতঘড়িয়া) গ্রামের সেকান্দর আলীর ছেলে জামাল উদ্দিন পূর্ববিরোধের জের ধরে পাশের বাড়ির রাজু নামের এক ব্যক্তির স্ত্রীকে মারধর করে।ঘটনাটি মীমাংসার জন্য গতকাল মঙ্গলবার জয়মঙ্গলপুর গ্রামে এক সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুল আলমসহ স্থানীয় ১০-১২ জন গণ্যমান্য ব্যক্তি ছয়-সাতটি মোটরসাইকেলযোগে সালিস শেষে ফেরার পথে রানীরবাজার নামক স্থানে পৌঁছালে সন্ত্রাসী চক্র হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের নেতা মাসুদুল আলম, স্বেচ্ছাসেবক লীগের নেতা কাছনাই গ্রামের জহিরুল ইসলাম, দেলোয়ার মাস্টার ও ধর্মপুরের এয়াছিনসহ ১০ জন আহত হন।