ঢাকার সাভারে গত রোববার রাতে গুলি করে জমির ব্যবসায়ী এ কে এম আজাদ রশিদকে (৫০) হত্যার ঘটনায় আওয়ামী লীগের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গত রোববার রাত থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত সময়ে তাঁদের গ্রেপ্তার করা হয়৷
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নিহত আজাদের মামা ও সাভার বাসস্ট্যান্ড এলাকার চৌরঙ্গী মার্কেটের মালিক আবুল হোসেন (৬৫), সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাকিম ব্যাপারী (৩৮), আশুলিয়ার সরিষার তেলের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৩৮) ও দুলাল খান (৫০)৷ ওই চারজনসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন আজাদ রশিদের ছেলে আইনজীবী আসাদুজ্জামান৷
মামলার অন্য আসামিরা হলেন সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মনির, খোকন, শংকর ঘোষ, চান্দু, মিকাই মোল্লা, আতাউর রহমান ও আবদুস সাত্তার৷ জাহাঙ্গীর ছাড়া তিনজনকে গতকাল ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফরোজা শিউলীর আদালতে পাঠানো হয়৷ সাভার থানার ওসি মোস্তফা কামাল বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে৷’