আ.লীগ নেতাসহ তিনজনকে কুপিয়ে জখম, মালামাল লুট
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামে আওয়ামী লীগের এক নেতাসহ তিনজনকে কুপিয়েছে সন্ত্রাসীরা। এ সময় ওই নেতার বাড়ি থেকে ১৪ ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে চার লাখ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করা হয়। চাঁদাবাজি ও অপহরণ মামলা করায় গত বুধবার এ হামলা ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিরা হলেন বাসুদেব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কোড্ডা গ্রামের স্কুলশিক্ষক আবুল হাসেম, তাঁর স্ত্রী আসমা বেগম ও ছোট ছেলে মাকসুদ মিয়া। এ ঘটনায় মামলা হয়েছে। মামলার বাদী আবুলের ছেলে মাসুম মিয়া জানান, গত বুধবার রাতে কোড্ডা গ্রামের জমির খান, সালমান খান ও আলী মিয়ার নেতৃত্বে ৮-১০ জন তাঁদের বাড়িতে এসে দা দিয়ে তাঁর বাবার মাথায় আঘাত করেন। ভেঙে ফেলা হয় বাবার ডান হাতের হাড়। এ ছাড়া বাবার বুকে বল্লম দিয়ে আঘাত করা হয়। তাঁর মা ও ছোট ভাইকেও দা দিয়ে কুপিয়েছে ওই ব্যক্তিরা। এ সময় তাঁদের বাড়ি থেকে ১৪ ভরি স্বর্ণালংকার, জমি বিক্রির নগদ সাড়ে চার লাখ টাকা, চারটি গরু ও ফ্রিজ-টেলিভিশনসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নেওয়া হয়। তাঁদের মধ্যে আবুল হাসেমের অবস্থা আশঙ্কাজনক।