ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল আজিমসহ তিনজনের মালামাল ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। সোয়া দুই কোটি টাকার সোনা চোরাচালান মামলায় গত মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফ হোসেন এই আদেশ দেন। আসামিরা পলাতক রয়েছেন।বাকি দুই আসামি হলেন জীবননগর উপজেলার শাপলাকলিপাড়ার নজরুল ইসলাম ও দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের আবদুল আলিম। ২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারি সকালে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের লোকনাথপুর পেট্রল পাম্পের সামনে দর্শনা অভিমুখী একটি ট্রাক থেকে ১২ কেজি ৯৫০ গ্রাম ওজনের ৩৫টি সোনার বারসহ (বিস্কুট) বিডিআর তিনজনকে আটক করে। বিডিআরের কুষ্টিয়া সেক্টরের সুবেদার ইছাহক আলী বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা করেন। মামলাটি প্রথমে পুলিশ তদন্ত করলেও পরবর্তী সময়ে তা অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করা হয়। কয়েক দফা তদন্ত কর্মকর্তা বদল হওয়ার পর ২০০৯ সালের ২২ নভেম্বর সিআইডির উপপরিদর্শক মোহাম্মদ আলী ভুঁইয়া চুয়াডাঙ্গার আদালতে আওয়ামী লীগ নেতা আনারুল আজিমসহ ২৩ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে উচ্চ আদালতের নির্দেশে বর্তমানে ১৭ জন জামিনে এবং তিনজন কারাবন্দী আছেন। আওয়ামী লীগ নেতা আনারুল আজিমসহ ওই তিনজন দীর্ঘদিন ধরে পলাতক থাকায় আদালত তাঁদের বিরুদ্ধে ক্রোকের আদেশ দেন।