আ.লীগ নেতাসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মধ্য ইসলামপুর গ্রামে গতকাল শনিবার ট্রাক্টরের চাপায় আনন্দ নামের এক কন্যাশিশু নিহত হয়েছে। নীলফামারীর সৈয়দপুরে গত শুক্রবার রাতে বাসের চাপায় আওয়ামী লীগের এক নেতা নিহত হন।
পাটগ্রামে নিহত আনন্দ ওই উপজেলার মধ্য ইসলামপুর গ্রামের আলম হোসেনের মেয়ে। সৈয়দপুরে নিহত হওয়া ব্যক্তির নাম আশরাফুল ইসলাম (৩৫)। তাঁর বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার উত্তর হাজীপুর গ্রামে। তিনি ইকরচালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটায় পাটগ্রাম উপজেলার মধ্য ইসলামপুর গ্রামে দাদাবাড়ি থেকে মামা রাকিবুল হোসেনের সঙ্গে বাইসাইকেলে নানাবাড়ি পাটগ্রাম পৌর এলাকার মির্জারকোট গ্রামে যাচ্ছিল আনন্দ। পথে বুড়িমারী-আউলিয়ারহাট-পাটগ্রাম আঞ্চলিক সড়কে একটি মালবাহী ট্রাক্টর বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে আনন্দ ঘটনাস্থলেই মারা যায় এবং রাকিবুল আহত হন। পরে স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যান। পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আকিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দিনের বেলা আশরাফুল ইসলাম ব্যক্তিগত কাজে সৈয়দপুর শহরে আসেন। রাত আনুমানিক সাড়ে আটটার দিকে তিনি বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন শুঁটকি আড়তের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি দূরপাল্লার বাস ওই এলাকায় থামলে তিনি সেটিতে ওঠার চেষ্টা করেন। এ সময় বাসটি হঠাৎ ছেড়ে দিলে তিনি নিচে পড়ে যান। এ সময় তিনি ওই বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধার করে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।