সাত জেলায় সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের এক নেতা এবং নারী, শিশুসহ নয়জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এ নিয়ে গত ৮৮ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৭৬৭।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পঞ্চগড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের হেলিপ্যাড এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় বাসের চাপায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবি মাহমুদ (৫৫) নিহত হন। তিনি মোটরসাইকেলে ছিলেন। তাঁর সঙ্গে থাকা জেলা আওয়ামী লীগের আরেক সহসভাপতি খবির উদ্দিন আহম্মেদ (৭০) গুরুতর আহত হন।
লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ মান্দারী গ্রামে গত মঙ্গলবার ট্রাক্টরের চাপায় আবুল হোসেন (১৫) ও মো. রিপন (১৬) নামে মাদ্রাসার দুই শিক্ষার্থী নিহত হয়। আবুল হোসেন মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের আবু ছিদ্দিকের ছেলে। আর রিপন একই গ্রামের হোসেন আহম্মদের ছেলে।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার লালব্রিজ এলাকায় গতকাল সন্ধ্যায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকার আবদুল আলিমের ছেলে কুতুব উদ্দিন (২৮) এবং একই এলাকার মো. ইসহাকের ছেলে আবদুর রহিম।
যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় গতকাল ভোরে সড়ক দুর্ঘটনায় এক নারী (৫০) নিহত হন। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
টাঙ্গাইলের কালিহাতী-রতনগঞ্জ সড়কের ধল্লাইয়ে গতকাল দুপুরে ব্যাটারিচালিত রিকশাভ্যানের ধাক্কায় ফারজানা (৩) নামের এক শিশু নিহত হয়। সে পাকুটিয়ার ফারুক হোসেনের মেয়ে।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বেলা ১১টার দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাব্বি হোসেন (২৪) নামের এক তরুণ নিহত হন। তিনি ট্রাকচালকের সহকারী ছিলেন। তাঁর বাড়ি নাটোরের সদর উপজেলার চানপুর গ্রামে।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর চৌধুরীঘাটায় সকালে ট্রাকের ধাক্কায় সোয়েল খান (২৬) নামে এক ব্যক্তি নিহত হন। পিরোজপুরের নেছারাবাদ থানার সেহাংগল গ্রামের সোয়েল খান সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল (একেএস) মিলসের এক্সকাভেটর সহকারী ছিলেন।
বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর জামতলা এলাকায় গতকাল সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন চালক মারাত্মক জখম হয়েছেন।
বাসের নিহতদের পরিবারকে অনুদান
যশোরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ছয়জনের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে সরকারের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসনের পক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান এই অনুদানের টাকা দেন। গত মঙ্গলবার যশোর সদর উপজেলার সাতমাইল এলাকায় রূপসা পরিবহনের একটি বাস গাছের সঙ্গে ধাক্কা লাগলে ছয়জন প্রাণ হারান।