আ.লীগ নেতাসহ পাঁচ আসামির রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে আলোচিত শ্রমিক লীগ নেতা ফখরুল ইসলাম (৩২) হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম খানসহ পাঁচ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম মেহেদী হাসান মণ্ডল আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার রায় গতকাল আদালতে আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। এ পাঁচ আসামির মধ্যে আওয়ামী লীগ নেতা ও লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউপি সদস্য আমিনুল ইসলাম খানও আছেন। আমিনুল ইসলামসহ মামলার পলাতক নয় আসামি গত বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান।
গত ২৭ জুন রাতে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফখরুল ইসলামকে মহেন্দ্রনগর বাজারের খান মার্কেটে আমিনুল ইসলামের ব্যবসায়িক চেম্বারের পেছনে কুপিয়ে ফেলে রাখা হয়।