আ.লীগ নেতাসহ পাঁচজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় মুক্তিযোদ্ধা ননী গোপাল কুন্ডু ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ নেতাসহ পাঁচজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল সোমবার সিংড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত এ আদেশ দেন।
জোড়া খুনের ঘটনায় ননী গোপালের শ্যালক গোবিন্দ কুন্ডু অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রোববার রাতে সিংড়া থানায় মামলা করেন। এরপর পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার কলম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক (৪০), মনতাজ আলী (৪০), আ. খালেক (৪২), শামসুল হক (৪০) ও মকবুল হোসেনকে (৪০) গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে গতকাল সোমবার তাঁদের সিংড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক ইসরাত জাহান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার রাতে দুর্বৃত্তরা ননী গোপাল ও তাঁর স্ত্রী চিত্রা রানীকে শ্বাসরোধে হত্যা করে। কে বা কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে
তা পুলিশ এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি।