টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের নেতা রকিবুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কসহ পাঁচজনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার টাঙ্গাইলের (ভূঞাপুর) আমলি আদালতের বিচারক এ আদেশ দেন।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, রকিবুল হত্যা মামলায় হাজতে থাকা ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম, অলোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউপি সদস্য মকবুল হোসেন তরফদার এবং চেয়ারম্যানের সহযোগী শওকত হোসেন ও নাসির উদ্দিনের জামিনের আবেদন করা হয়। ভূঞাপুর আমলিআদালতের বিচারক ফারজানা হাসনাত শুনানি শেষে তাঁদের আবেদন নামঞ্জুর করেন। এর আগেও একাধিকবার তাঁদের জামিন নামঞ্জুর হয়েছে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর সকালে নিজ গ্রাম ভারই মধ্যপাড়ায় পুকুরপাড় থেকে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ওই দিনই তাঁর ভাই ফজলুল করিম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন। ১৫ ডিসেম্বর ফজলুল করিম আদালতে আরও একটি সম্পূরক মামলা করেন। এতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম, অপর যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য আবদুল হামিদ মিয়া ও অলোয়া ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম সরকারসহ সাতজনের নাম উল্লেখ করা হয়। আদালত থানা ও আদালতে দায়ের করা মামলা দুটি একসঙ্গে তদন্তের আদেশ দেন।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ প্রথম আলোকে বলেন, জামিন নামঞ্জুর হওয়া পাঁচ আসামিকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ইউপি চেয়ারম্যান ছাড়া চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।