আ.লীগ নেতাসহ সাতজন খুন
সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, নওগাঁ ও নাটোরে গত বুধবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত আওয়ামী লীগের নেতা, শিশুসহ সাতজন খুন হয়েছে।
ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: বুধবার বিকেলে চৌহালী উপজেলার সদিয়াচাঁদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমেদের ভাই রানা মিয়া তাঁর চাচাতো বোনকে নিয়ে পাশে যমুনা নদীর ধারে বেড়াতে যান। এ সময় সম্রাট মিয়া বন্ধুদের নিয়ে ওই মেয়েকে উত্ত্যক্ত করেন। রানা বাড়িতে ফিরে ঘটনাটি সবাইকে জানান। খবর পেয়ে রাসেল দলবল নিয়ে সম্রাটকে মারতে তাঁর বাড়িতে যান। সম্রাটকে না পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বেতিল সিনেমা হলসংলগ্ন মুদিদোকানে মোতালেবকে ছুরিকাঘাত করে পালিয়ে যান রাসেল ও তাঁর লোকজন। পরে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ: বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বারঘরিয়া এলাকায় মহানন্দা নদী থেকে রিফাত রহমান (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। রিফাত সদর উপজেলার মহারাজপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে। একই দিন সকালে সদর উপজেলার পালশা এলাকায় মহানন্দা নদী থেকে শিবগঞ্জ উপজেলার চকনরেন্দ্রপুর গ্রামের দীলিপ কুমারের ছেলে নয়ন কুমারের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ।
নওগাঁ: গতকাল সকাল ১০টার দিকে আত্রাই উপজেলার মির্জাপুর গ্রামে আয়েজ আলী ও প্রতিবেশী মনজু রহমানের (৩০) পরিবারের শিশুদের মধ্যে খেলতে গিয়ে মারামারি হয়। এর জের ধরে দুই পরিবারের সদস্যদের মধ্যে মারপিটে মনজুরের মৃত্যু হয়।
পাবনা: সদর উপজেলার খালিশপুর গ্রামের জায়দুল ইসলাম (২০) বুধবার সকালে গ্রামের বাজারে রফিক হোসেনের দোকানে কাপড় ইস্ত্রি করতে যান। দেরি হওয়ায় রফিকুলের সঙ্গে জায়দুলের বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে পরদিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জায়দুল বাজারে গেলে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান রফিকুল। স্থানীয়রা উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর জায়দুলের মৃত্যু হয়।
দুপচাঁচিয়া (বগুড়া): ধাপসুলতানগঞ্জ হাটের পূর্ব দিকে একটি ধানখেত থেকে বৃহস্পতিবার অজ্ঞাতনামা এক যুবকের (৩০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গুরুদাসপুর (নাটোর): উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল বেলা ১১টার দিকে সাইদুর রহমান (৪৭) নামের এক ব্যক্তিকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় এলাকাবাসী মঈনুল ইসলাম নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে।