আ.লীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর মৃধাডাঙ্গা গ্রামে একটি দুর্ঘটনার মামলার আসামি ঠিকাদার জিন্নাত আলীর বাড়িতে গত বুধবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। এই অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক আইনজীবী আবদুর রাজ্জাকসহ ১৫ জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে গোয়ালন্দঘাট থানায় মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ জুন উজানচর ইউনিয়নের মৃধাডাঙ্গার বাসিন্দা আবদুর রাজ্জাকের জমিতে প্রতিবেশী আজগর শেখের ছেলে ইব্রাহিম শেখ ইঞ্জিনচালিত ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। একসময় তিনি ট্রাক্টরটি বন্ধ করে বাড়িতে খাবার খেতে যান। ওই সময় একই এলাকার নজরুল শেখের ছেলে রাজন ট্রাক্টরটি চালু করে চালাতে থাকে। এ সময় রাজ্জাকের চাচাতো ভাই ফারুক মোল্যার মেয়ে ফেরদৌসি (৮) ও আরেকটি শিশু ট্রাক্টরের ওপর ওঠে। পরে ফেরদৌসি ট্রাক্টরের নিচে পড়ে যায়। এতে সে ডান হাতের কবজি হারায়।
ওই ঘটনায় ১৪ জুন ফারুক বাদী হয়ে জিন্নাত শেখ, তাঁর বাবা আজগর শেখ, ভাই ইব্রাহিম শেখ, রাজনসহ কয়েকজনের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা করেন। মামলার পর থেকে আজগর শেখ ও তাঁর পরিবারের সবাই এক মাস ধরে পলাতক।
গত বুধবার রাত সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের নেতা রাজ্জাকের নেতৃত্বে ফারুক মোল্যা, বাবু, শুকুর আলী, শামীম, মজনু, ফজলু, ঠাণ্ডুসহ ১০-১২ জন আজগরের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির ছয়টি দামি জানালার কাচ, ঘরের আসবাব ভাঙচুর করে এবং স্টিলের বাক্সে রাখা পাঁচ ভরি স্বর্ণালংকার ও প্রায় আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে আজগর শেখের স্ত্রী সামেলা বেগম গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন।
অভিযোগ অস্বীকার করে আবদুর রাজ্জাক দাবি করেন, ‘ঘটনা সম্পর্কে কিছুই জানি না। মামলা থেকে বাঁচার জন্য আজগর আলী শেখ মিথ্যা ভাঙচুর, লুটপাটের ঘটনা সাজিয়েছেন।’
জানতে চাইলে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার প্রথম আলোেক বলেন, যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।