আ.লীগ নেতাসহ ২১ জনের বিরুদ্ধে বিএনপির নেতার মামলা
বগুড়ার ধুনটে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ তারেক হেলালসহ ২১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। একই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে গত ৩০ এপ্রিল বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলাটি করেন। আদালতের নির্দেশে ২৫ জুন রাতে ধুনট থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল বিএনপির ডাকা হরতালকে কেন্দ্র করে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় দলের ২০-২৫ জন নেতা-কর্মী আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা এম এ তারেক হেলালের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা বিএনপির নেতা আতাউর রহমানের মুরগির খামারে হামলা চালিয়ে তিন হাজার মুরগি নিধন করেন। এ ছাড়া তাঁরা খামারের ১১ বান্ডিল ঢেউটিন এবং খামারে রক্ষিত ৬৫ বস্তা মুরগির খাবার, ওষুধ, ৩২টি বৈদ্যুতিক পাখা লুটতরাজ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে ওই নেতার প্রায় সোয়া ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। আওয়ামী লীগের নেতা এম এ তারেক হেলাল বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসাবশত বিএনপির নেতা মিথ্যা আরজি দিয়ে আমাকেসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। আমি এই ঘটনার সাথে জড়িত নই।’ ধুনট থানার ওসি শামসুল হক বলেন, ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।