আ.লীগ নেত্রীর বিরুদ্ধে বৃদ্ধ চাচাকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে উপজেলা আওয়ামী লীগের নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিল নাহারের বিরুদ্ধে তাঁর আপন চাচা এস এম বজলুর রশিদকে (৭৫) মারধরের অভিযোগ উঠেছে। বাড়িঘর নির্মাণ নিয়ে বিরোধে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ছাড়া ঘটনার প্রতিবাদে বৃদ্ধ চাচা গতকাল মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করেন।
চাচা বজলুর রশিদ গতকাল বিকেল পাঁচটায় ধুনট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আপন ভাইয়ের মেয়ে হয়ে এই বৃদ্ধ বয়সে আমাকে চড়-থাপ্পড় দিয়ে মাটিতে ফেলে দিল। লজ্জায় আমি কাউকে মুখ দেখাতে পারছি না।’
অভিযোগ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি গ্রামের পৈতৃক সূত্রে পাওয়া ২৭ শতক জায়গায় বজলুর রশিদ বাড়িঘর তুলে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। কদিন আগে তিনি সেখানে নতুন করে পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করলে ধুনট উপজেলা আওয়ামী লীগের নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান (বজলুর রশিদের বড় ভাই এমদাদুল হকের মেয়ে) নাজনিল পৈতৃক সূত্রে ওই জমির মালিকানা দাবি করে চাচাকে নতুন করে বাড়ি করতে নিষেধ করেন। কিন্তু বজলুর রশিদ এসব বাধা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যান। এরই ধারাবাহিকতায় গত সোমবার দুপুরে নাজনিল লোকজন নিয়ে গিয়ে নির্মাণকাজে বাধা দেন। এ সময় দুপক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে নাজনিল তাঁর চাচাকে চড়-থাপ্পড় মেরে মাটিতে ফেলে দেন। পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় বজলুর রশিদ ওই দিন সন্ধ্যায় নাজনিলসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
আওয়ামী লীগ নেত্রী নাজনিল দাবি করেন, তাঁর বাবা-চাচারা তিন ভাই। এ কারণে ২৭ শতক জায়গার মধ্যে তাঁর বাবারও ৯ শতক রয়েছে। তাই চাচাকে সেখানে বাড়ি নির্মাণে নিষেধ করা হয়েছে। কিন্তু তিনি কোনো বাধাই মানেন না। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কিতে তিনি মাটিতে পড়ে যান। তাঁকে মারধর করা হয়নি। নাজনিল উল্টো অভিযোগ করেন, ‘আমার রাজনৈতিক সম্মান নষ্ট করতে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন তিনি।’