আ.লীগ পরনির্ভরশীল দল নয়: আমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির হোসেন আমু
আমির হোসেন আমু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ভারতে বিজেপি ক্ষমতায় আসে তখন আমাদের অনেক বন্ধু বগল বাজিয়েছেন। তাঁরা মনে করেছেন, এবার বুঝি আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ পরনির্ভরশীল কিংবা পরও কোনো দেশের শক্তির ওপর নির্ভরশীল দল নয়। আওয়ামী লীগ এই দেশের তৃণমূল নির্ভরশীল দল।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বাংলাদেশ আওয়ামী লীগ: ইতিহাস, গৌরব, ঐতিহ্য’ শীর্ষক সেমিনারে আমু এসব কথা বলেন।
আমির হোসেন আমু তাঁর বক্তব্যে আওয়ামী লীগের প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং এর পরের ইতিহাসগুলো তুলে ধরেন। তিনি বলেন, বাঙালির অধিকার আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়। বাংলাদেশের প্রতিটি ইতিহাসের সঙ্গে রয়েছে আওয়ামী লীগের নাম।
আমু বলেন, বাংলাদেশ সমুদ্র সীমার জন্য ভারত এবং মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে এ সীমা অর্জন করেছে। আওয়ামী লীগ নিজের অধিকার আদায়ে কাউকে ছাড় দেয় না। তিনি বলেন, আওয়ামী লীগ যে আন্দোলন করে তা শুধু আন্দোলন নয় মানুষকে কিছু দেওয়ার জন্যই আন্দোলন করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ কিছু পায় আর না থাকলে কিছুই পায় না এটা প্রমাণিত।

সভাপতির বক্তব্যে প্রচার ও প্রকাশনা উপপরিষদের চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, ‘বৃদ্ধ এবং তরুণেরা একসঙ্গে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারি। আমাদের আসন্ন যে সম্মেলন হবে, সেখানে নিশ্চয় তরুণদের অনেক আগমন হবে। অনেক পরিবর্তন হবে। সবকিছু মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যয় সেটা বাস্তবায়ন করে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারব।’

দৈনিক সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার বলেন, কোনো ভোটের হিসাব-নিকাশ নয় আওয়ামী লীগের যে অসাম্প্রদায়িক চেতনার রাজনীতি করে, সেটা বজায় রাখতে হবে। এটা নিয়ে কোনো রকম আপস করা চলবে না। বর্তমান সরকারকে সবচেয়ে গণমাধ্যমবান্ধব সরকার বলেও উল্লেখ করেন তিনি।

সুশীল সমাজের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব বাড়ছে উল্লেখ করে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘এই দূরত্ব হ্রাস না করলে ভবিষ্যতে নাগরিক সমাজ, যারা আওয়ামী লীগকে সব সময় এগিয়ে দিয়েছে। সংস্কৃতির ক্ষেত্রে যারা আছেন, তাদের কাছ থেকে কোনো সুবিধা পাওয়া যাবে না। এটা ক্রমেই হ্রাস পেতে থাকবে।’ তিনি বলেন, ‘ক্রমাগত সাফল্য নেতৃত্বের এক ধরনের মোহ সৃষ্টি করে। সেটা হচ্ছে আত্মসন্তুষ্টি। আমরা যেটা বলছি, এটাই ঠিক। আমরা যেটা করছি, এটাই ঠিক। এই মোহ দলকে বিচ্ছিন্ন করে ফেলে।’

মূল প্রবন্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর রশীদ ১৯৪৯ সাল থেকে ২০১৬ পর্যন্ত আওয়ামী লীগের ইতিহাস, সংগ্রাম ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ শুধু ক্ষমতা প্রত্যাশী একটি গতানুগতিক রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ বাংলাদেশের সমাজ-সংস্কৃতি-রাজনীতির একটি বিশেষ ধারার প্রতিনিধিত্বকারীও। আর সেই ধারাই হচ্ছে বাংলাদেশের মূলধারা।’

সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান আ জ ম শফিউল আলম ভূঁইয়া, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম ওয়াহিদুজ্জামান প্রমুখ।