আ.লীগ পিছিয়েছে এগিয়েছে জামায়াত ও বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বিভাগের আট জেলার উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান বেশ খারাপ হয়েছে। গতবারের তুলনায় ভালো করেছে বিএনপি ও জামায়াত। জাতীয় পার্টিও নিজেদের অবস্থান ধরে রাখতে পারেনি।
আট জেলার ৫৮টি উপজেলার মধ্যে ৫৩টিতে এবার নির্বাচন হয়েছে। এ ৫৩ উপজেলার মধ্যে বিএনপি ২০টি, আওয়ামী ২১টি, জামায়াত নয়টি, জাতীয় পার্টি দুটি ও স্বতন্ত্র প্রার্থী একটিতে জয় পেয়েছেন। বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকা ও দশম জাতীয় সংসদ নির্বাচনের বিরূপ প্রভাবের কারণে আওয়ামী লীগ প্রার্থীদের পরাজয় হয়েছে বলে নেতা-কর্মী ও স্থানীয় লোকজন জানান।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, রংপুরের চারটি উপজেলার সীমানা নির্ধারণ জটিলতা ও ঠাকুরগাঁওয়ে একজন প্রার্থী আদালতে মামলা করায় পাঁচটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
৫৩টি উপজেলার হিসাবে গতবার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা পেয়েছিলেন ২৭টি। বিএনপি গত নির্বাচনে ১১টিতে জয়ী হলেও এবার ২০টিতে জয় পেয়েছে। জামায়াত গত নির্বাচনে জয় পায় দুটিতে। এবার তা বেড়ে দাঁড়িয়েছে নয়টি। রংপুর অঞ্চল জাতীয় পার্টির দুর্গ হলেও তারা এবার মাত্র দুটিতে নির্বাচিত হয়েছে। গত নির্বাচনে তারা ছয়টি উপজেলায় জয়ী হয়।
ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রামে এবার আওয়ামী লীগ তেমন একটা সুবিধা করতে পারেনি। ভালো করেছেন বিএনপি ও জামায়াত-সমর্থিত প্রার্থীরা। লালমনিরহাটে গত নির্বাচনে পাঁচটিই ছিল আওয়ামী লীগের, যা এবার তিনটিতে নেমে এসেছে। কুড়িগ্রামে নয়টি উপজেলার মধ্যে গতবার আটটিতে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হলেও এবার সেই সংখ্যা মাত্র পাঁচটি। ঠাকুরগাঁওয়ে এবার আওয়ামী লীগ পেয়েছে মাত্র একটি উপজেলা। বাকি তিনটিতে বিএনপি ও একটিতে জাতীয় পার্টি জয়ী হয়েছে।
রংপুর জেলা জাপার প্রবীণ রাজনীতিক সৈয়দ নূর আহমেদ বলেন, দলের কার্যক্রম না থাকাই জাতীয় পার্টির ভরাডুবির অন্যতম কারণ। সেই সঙ্গে এরশাদীয় আবেগ দিয়ে দলের কার্যক্রম বেশিদূর এগোতে পারে না।
রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ‘বিদ্রোহী’ ও একাধিক প্রার্থী থাকায় দল খারাপ করেছে। একক প্রার্থী থাকলে অধিকাংশ আসনে জয় পেত।