ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুর আলম জয়ী হয়েছেন। এখানে মোট ভোট পড়ে ২ হাজার ৮৭৩টি। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী একাই পেয়েছেন ২ হাজার ৬৮৬ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহজাহান মিয়া পেয়েছেন মাত্র ৫২ ভোট।
মঙ্গলবার অনুষ্ঠিত দ্বীপ জেলা ভোলার প্রতিটি ইউনিয়নেই আওয়ামী লীগের প্রার্থীরা এ রকম ভোট পেয়েছেন। আওয়ামী লীগের প্রার্থীরা গড়ে ৮৫ দশমিক ৬৫ শতাংশ ভোট পেয়েছেন। বিএনপির প্রার্থীরা পেয়েছেন মাত্র ৭ দশমিক ৩৯ শতাংশ ভোট।
এই ভোট নিয়ে এখন পুরো ভোলাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। অনেকে ‘বিতর্কিত’ এই নির্বাচন নিয়ে বিরক্ত প্রকাশ করছেন। তাঁরা বলছেন যে কাউকেই জিজ্ঞাসা করলে বলবে এটা প্রকৃত ভোটারদের ভোট দেওয়ার হার হতে পারে না।
জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, ভোটকেন্দ্রে কি প্রিসাইডিং কর্মকর্তা, কি ক্ষমতাসীন দলের নেতা-কর্মী—সবাই মিলে চেয়ারম্যান পদে ভোট দিয়েছেন। এ জন্যই এত ভোট। এই নির্বাচন তাঁরা মানেন না।
তবে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা প্রথম আলোকে বলেন, জেলার কোনো ইউপিতেই জেতার মতো প্রার্থী বিএনপি দিতে পারেনি। নামকাওয়াস্তে প্রার্থী দিলেও তাঁরা ছিলেন অনুপস্থিত। ফলে ভোটাররা বিএনপির প্রতি সাড়া দেননি। বরং উন্নয়ন হবে—এই ধারণায় ক্ষমতাসীন দলের প্রার্থীকে ভোট দিয়েছেন।
এবারই প্রথমবারের মতো দলীয়ভাবে ইউপি নির্বাচন হচ্ছে। প্রথম দফায় ভোলা জেলায় ৩৬টি ইউপিতে নির্বাচন হলেও চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে ৩৪টিতে। এর ৩৩টিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। একটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী। আর দুটিতে আগেই আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।
৩৪টি ইউনিয়নের মধ্যে ৩২টি ইউপিতে চেয়ারম্যান পদে ভোটের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এগুলোতে মোট ৫ লাখ ৪১ হাজার ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩ লাখ ৫০ হাজার ৮৯২ জন ভোট দিয়েছেন। অর্থাৎ প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা পেয়েছেন ৩ লাখ ৫৪০ ভোট। আর বিএনপির প্রার্থীরা পেয়েছেন ২৫ হাজার ৯৩৭ ভোট।
প্রতিটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা ৮০ শতাংশের ওপরে ভোট পেয়েছেন। ইউনিয়নভিত্তিক আলাদা ফলাফলে দেখা যায়, দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী পেয়েছেন ১১ হাজার ২৯ ভোট। বিএনপির প্রার্থী পেয়েছেন মাত্র ৫৯৪ ভোট। এখানে ইসলামী আন্দোলনের প্রার্থীও বিএনপির প্রার্থীর চেয়ে কিছু বেশি ভোট পেয়েছেন (৬৬৪টি)। এই ইউপিতে মোট ১৯ হাজার ১২৯ ভোটের মধ্যে ১২ হাজার ৫২৭ ভোট পড়েছে। অর্থাৎ এই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী প্রায় ৮৮ শতাংশ ও বিএনপির প্রার্থী পৌনে ৫ শতাংশ ভোট পেয়েছেন।
বিভিন্ন ইউনিয়নে ভোট গ্রহণকারী কর্মকর্তার দায়িত্ব পালন করা ছয়জন শিক্ষক ও অন্তত দশজন ভোটার প্রথম আলোকে বলেন, তাঁরা ছিলেন অসহায়। ক্ষমতাসীন দলের প্রার্থীর কর্মী-সমর্থকেরা চেয়ারম্যান পদে প্রকাশ্যে ভোট দিয়েছেন। ভোটারদের হাত থেকে চেয়ারম্যান পদের ব্যালট নিয়ে নিজেরাই সিল মেরেছেন। এভাবে ভোটারদের অপমান করা কোনোভাবেই কাম্য হতে পারে না। এমনই যদি করা হবে তাহলে এত টাকা খরচ করে নির্বাচন দেওয়ার দরকার কী ছিল? আগেই বলে দিত এই মেয়াদে ক্ষমতাসীন দলের ব্যক্তিরাই চেয়ারম্যান হবেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউপিতে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মধ্যে ক্ষমতাসীন দলের প্রার্থী পেয়েছেন ৯ হাজার ৮৯৩ ভোট। প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী পেয়েছেন মাত্র ২২৯ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ২৭ ভোট।
চরফ্যাশন উপজেলার ইউনিয়নগুলোতেও বিএনপির প্রার্থীরা হাতে গোনা ভোট পেয়েছেন। এর মধ্যে ঢালচর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী যেখানে পেয়েছেন ৩ হাজার ১৬৬ ভোট। সেখানে বিএনপি প্রার্থী পেয়েছেন মাত্র ৫৬ ভোট। চরকলমী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ৯ হাজার ৮২৩ ভোট। সেখানে বিএনপির প্রার্থী পেয়েছেন ৫৬ ভোট। এই উপজেলার অন্য ইউনিয়নেও চিত্রটা কমবেশি একই ধরনের।
সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ১১ হাজার ৮৭০ ভোট। আর বিএনপির প্রার্থী পেয়েছেন ৪২৫ ভোট।
পরাজিত হলেও তজুমদ্দিন উপজেলার দুই ইউনিয়নে বিএনপির প্রার্থীরা অন্য ইউনিয়নের চেয়ে সামান্য বেশি ভোট পেয়েছেন। এর মধ্যে চাঁদপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী পেয়েছেন ১৫ হাজার ৫২ ভোট। সেখানে বিএনপির প্রার্থী পেয়েছেন ৪ হাজার ৮৩৪ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ভোটাররা ভোট দিয়েছেন, সেভাবেই হিসাব করা হয়েছে।’