আ.লীগ প্রার্থী গরু জবাই করে খাওয়ালেন ভোটারদের
নির্বাচনের দুই দিন আগে গতকাল মঙ্গলবার ভোটারদের গরু জবাই করে খাওয়ানোর অভিযোগ উঠেছে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের সরকারদলীয় প্রার্থী মো. তফসির মিয়ার ওপর।
অভিযোগে জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থী তফসির মিয়া গতকাল মঙ্গলবার সকালে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশায় তাঁর বাড়িতে দুটি গরু জবাই করেন গ্রামবাসীদের জন্য। সেখানে খাওয়া-দাওয়ার পর তাঁর সমর্থনে মিছিল করা হয় গ্রামের ভেতরে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এ ইউনিয়নের অপর পাঁচ প্রার্থী আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করেন। এ বিষয়ে ্ত তফসির মিয়ার মুঠোফোনে গতকাল মঙ্গলবার বিকেলে যোগাযোগ করলে তিনি সংযোগ কেটে দেন।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম বলেন, তিনি এ প্রক্রিয়া বন্ধের জন্য সঙ্গে সঙ্গে নির্বাহী হাকিমকে ঘটনাস্থলে পাঠিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী বলেন, এ ধরনের গরু জবাই করে খাওয়ানো বা মিছিল করা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। তবে তিনি লিখিত কোনো অভিযোগ পাননি। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।