টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রয়াত সাংসদের ছেলে অনুপম শাহজাহান সাড়ে চার হাজার ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭৫ হাজার ৯৬০ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক পেয়েছেন ৭১ হাজার ৪০৮ ভোট।
আজ শনিবার রাতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন। গত ২০ জানুয়ারি এ আসনের সরকারদলীয় সাংসদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুর পর আসনটি শূন্য হয়।
এদিকে ফল ঘোষণার আগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক (নির্বাচনী প্রতীক হরিণ) অভিযোগ করে বলেছেন, ক্ষমতাসীন দল ২০-২৫টি কেন্দ্র কৌশলে দখল করে ব্যালটে সিল মেরেছে।
টাঙ্গাইল-৮ আসনের ১১৭টি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। চারজন প্রার্থী ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রয়াত সাংসদের ছেলে অনুপম শাহজাহান (নির্বাচনী প্রতীক নৌকা), আ.লীগের বিদ্রোহী আবদুল মালেক, জাতীয় পার্টির (জেপি) সাদেক সিদ্দিকী (নির্বাচনী প্রতীক বাইসাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী যুক্তরাষ্ট্রপ্রবাসী লিয়াকত আলী (নির্বাচনী প্রতীক মোরগ)। ওই আসনে ভোটার ৩ লাখ সাত হাজার ৩২৮ জন।
নির্বাচনে অংশ নিতে পারেননি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগ না থাকায় ভোটারের বিরাট একটি অংশ ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা দিয়েছেন।