আ.লীগ প্রার্থী নির্বাচনী পরিবেশ নষ্ট করছে, অভিযোগ বিদ্রোহী প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো. কামারুজ্জামানের বিরুদ্ধে নির্বাচনের পরিবেশ নষ্টের অভিযোগ করেছেন দলীয় বিদ্রোহী প্রার্থী এসএম কাইয়ুম। আজ রোববার সকাল সাড়ে ১০টায় শহরের রাঙ্গামাটিয়া এলাকায় নিজ বাসায় সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ তোলেন। সম্মেলনের পরে তিনি ‘বাসযোগ্য নরসিংদীর সনদ’ নামে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

লিখিত বক্তব্যে এসএম কাইয়ুম বলেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থী কামারুজ্জামান নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য বেপরোয়া হয়ে উঠেছেন। তিনি ভোটারদের হুমকি, আমাদের ক্যাম্প দখল, কর্মী সমর্থকদের ওপর হামলা, মামলা, পোস্টার ছিঁড়ে ফেলা এবং আমার প্রচারের স্টিকারের ওপর তাঁর স্টিকার লাগিয়ে পরিবেশ ঘোলা করছেন। এসব ঘটনায় এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের ১২টি অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পাশাপাশি আমার সমর্থকেরা সদর মডেল থানায় আটটি অভিযোগ দায়ের করেছে কিন্তু পুলিশ তা নথিভুক্ত করেনি। আর যেগুলো নথিভুক্ত করেছে তারও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি।’
স্বতন্ত্র এই প্রার্থী আরও অভিযোগ করেন, ‘কামারুজ্জামানের প্ররোচনায় ও নির্দেশে পুলিশ আমার নেতা-কর্মীদের ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের ওপর হামলা চালাচ্ছে। যা ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করছে। পাশাপাশি শুধু হামলা ও মামলা দিয়ে নয়, নির্বাচনে সন্ত্রাসী বাহিনী দিয়ে সে কেন্দ্র দখল করে নেবে বলেও প্রচার করছে।’

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাসেম তা অস্বীকার করেন। তিনি বলেন, যেগুলো মামলা নেওয়ার সেগুলো মামলা হিসেবে আর যেগুলো সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করার তা করা হয়েছে। মামলায় যাদের আসামি করা হয়েছে তদন্ত সাপেক্ষে তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নরসংদী পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম বলেন, যেসব অভিযোগ পাওয়া গেছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লিখিত বক্তব্যের বাইরে এসএম কাইয়ুম বলেন, ‘আমার কাছে তথ্য আছে কামারুজ্জামান তার যেকোনো কাছের লোকজনকে হত্যা করে কিংবা হামলা চালাবেন। এরপর এর দায়ভার আমিসহ আমার নেতৃবৃন্দ এবং প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর বিরুদ্ধে চাপিয়ে মামলা করে আমাদের হয়রানি করবেন।’

‘বাসযোগ্য নরসিংদীর সনদ’

পরে তিনি নরসিংদীকে বাসযোগ্য করে তোলার অঙ্গীকার করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। সেখানে তিনি পৌর আদালতকে পুনরুজ্জীবিত করে ন্যায়বিচার বঞ্চিত মানুষের সুবিচার পাওয়ার অধিকার নিশ্চিত; ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎ​সার উন্নয়ন করে নরসিংদীকে সিটি করপোরেশনে উন্নীত করার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ; কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সরকারের ঘোষিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নরসিংদীকে অন্তর্ভুক্ত করে সেখানে কর্মস্থল সৃষ্টি করা, শহর কিংবা এ কাছাকাছি এলাকায় আন্তর্জাতিকমানের একটি বিশ্ববিদ্যালয় স্থাপন; সর্বাধুনিক চিকিৎ​সা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিকমানের বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনসহ ১৭টি প্রতিশ্রুতি দেন।

এ সময় এসএম কাইয়ুমের বাবা রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জোবায়ের আহমেদ উপস্থিত ছিলেন।