আ.লীগ প্রার্থী মাঠছাড়া
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থীর বাধায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সুলতান মিয়া অনেকটা মাঠছাড়া হয়ে পড়েছেন।
গতকাল শুক্রবার দুপুরে আমড়াগাছিয়া ইউপি কার্যালয়ে সুলতান মিয়া এ প্রতিবেদকের কাছে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশারেফ হোসেন শরিফ ও তাঁর কর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ করেন। মোশারেফ আমড়াগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক।
এ ইউনিয়নে প্রথম ধাপে ২২ মার্চ ভোট হবে।
সুলতান মিয়া অভিযোগ করেন, ‘মোশারেফ প্রতিদিন ২০ থেকে ২৫টি মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছেন। আমি কোনো এলাকায় প্রচারণায় গেলে মোশারেফের লোকজন আমাকে বাধা দিচ্ছেন। গত সোমবার সন্ধ্যায় আমি উত্তর মানিকখালী গ্রামে গণসংযোগে যাই। এ সময় আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ শরিফ ও যুবলীগের কর্মী তুহিন হাওলাদারের নেতৃত্বে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে মোশারেফের অর্ধশত কর্মী আমাকে ঘিরে ফেলে এবং ভয়ভীতি দেখায়। বুধবার আমি হোগলপাতি গ্রামের হাসান হাওলাদার বাড়িতে জানাজায় অংশ নিতে যাই। সেখানে তুহিন হাওলাদার লোকজন নিয়ে আমাকে ধাওয়া করেন। সম্প্রতি সোহাগ শরিফ প্রকাশ্যে আমাকে প্রচার-প্রচারণা চালাতে নিষেধ করে বলেন, “আমড়াগাছিয়া এলে আপনার মোটরসাইকেল পুড়িয়ে ফেলা হবে।’’’
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, আমড়াগাছিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান বর্তমান চেয়ারম্যান সুলতান মিয়া। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোশারেফ হোসেন শরিফ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমানসহ দলের একটি অংশ স্বতন্ত্র প্রার্থী মোশারেফকে সমর্থন দেয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদসহ দলের অপর অংশটি দলীয় প্রার্থী সুলতান মিয়ার পক্ষে কাজ করছে।
সুলতান মিয়া বলেন, ‘মোশারেফের সমর্থকেরা আমার কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমি ওদের ভয়ে ঠিকমতো প্রচারণা চালাতে পারছি না।’
আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ শরিফ বলেন, ‘সুলতান মিয়াকে হুমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ মিথ্যা।’ মোশারেফ হোসেন শরিফ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সুলতান মিয়ার প্রচারণায় আমার কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ সঠিক নয়। সুলতান মিয়ার লোকজন আমার প্রচারণায় বাধা দিচ্ছেন।’ সুলতান মিয়ার লোকজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জানতে চাইলে মোশারেফ শরিফ কোনো তথ্য দিতে পারেননি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মাতুব্বর বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে দলের নেতা-কর্মীরা অবস্থান নিলে জেলার নেতাদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।