পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গতকাল রোববার বিকেলে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
পাবনা জেলা নির্বাচন ও ঈশ্বরদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিএনপির মেয়র প্রার্থী মকলেছুর রহমান শনিবার বিকেলে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে লিখিত অভিযোগপত্র জমা দেন। গতকাল রোববার আওয়ামী লীগের ওই প্রার্থীর কাছে ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগের ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিজয় র্যা লির নামে আবুল কালাম আজাদ সরাসরি নেতৃত্ব দিয়ে নৌকা প্রতীক নিয়ে ও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে পৌর এলাকায় মিছিল করেন, যা পৌরসভা নির্বাচনী বিধিমালার লঙ্ঘন। এ ছাড়া ধানের শীষ প্রতীকের নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণকারী কর্মীদের অব্যাহতভাবে ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচন না করার জন্য বলপ্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর গতকাল বিকেলে আবুল কালাম আজাদকে চিঠি দেওয়া হয়েছে। এর আগেও বিএনপির প্রার্থী মকলেছুর রহমান তাঁর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন। আবুল কালাম আজাদ গতকাল সেই অভিযোগের জবাব দেন। এর আগে সোমবার সন্ধ্যায় আবুল কালাম আজাদকে অধিকতরভাবে আচরণবিধি মেনে চলার জন্য সতর্কীকরণ চিঠি দেওয়া হয়েছিল।
ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী বলেন, ৪৪ বছর ধরে ঈশ্বরদীতে বিজয় দিবসের দিনে মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা মার্কা নিয়ে আনন্দ শোভাযাত্রা করা হয়। এরই ধারাবাহিকতায় বিজয় দিবসের শোভাযাত্রায় নৌকা প্রতীক রাখা হয়েছে। তবে কোনো নেতা-কর্মী নৌকা প্রতীক নিয়ে ভোট চেয়ে স্লোগান দেয়নি।