আ.লীগ প্রার্থীকে জনতা লীগের সমর্থন
টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে সমর্থন দিল বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ। গতকাল বুধবার স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।
গতকাল বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল হালিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক। এ ছাড়া জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক জুলফিকার শামীম, আশিক জাহাঙ্গীর প্রমুখ বক্তৃতা করেন।
সভায় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক। তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী আবু হানিফ আজাদ কাদেরিয়া বাহিনীর একজন যোদ্ধা। আমাদের দলও মুক্তিযোদ্ধার দল। এবারের পৌর নির্বাচনে আমাদের দল অংশ না নিলেও আমাদের দলীয় নেতা-কর্মীদের কাদেরিয়া বাহিনীর একজন মুক্তিযোদ্ধার পক্ষে কাজ করার জন্য অনুরোধ করছি।’
এবারের পৌর নির্বাচন কৃষক শ্রমিক জনতা লীগ আনুষ্ঠানিকভাবে বর্জন করেছে। গতকাল বিজয় দিবসের নামে প্রকাশ্যে জনসভা করে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে তাঁরা ভোট প্রার্থনা করেন।