আ.লীগ প্রার্থীকে জিতিয়ে আনবেন সাংসদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম শ্রেণীর একটি পৌরসভা ভোলার চরফ্যাশন। কিন্তু শহরের কাঁচা রাস্তা, ভাঙাচোরা সড়ক, অনুন্নত শিক্ষাপ্রতিষ্ঠান দেখে সেটি বিশ্বাস করতে যে কারোরই কষ্ট হবে। এলাকার ভোটাররা বলেছেন, গত সাড়ে ছয় বছরে এই পৌরসভার কোনো উন্নয়ন হয়নি। তাই এবার তাঁরা ভোট দিয়ে এমন একজনকে নির্বাচিত করতে চান, যিনি এলাকার সত্যিকারের উন্নয়ন করবেন।গতকাল মঙ্গলবার চরফ্যাশন ঘুরে জানা গেছে, পৌরসভার এই দুরবস্থার জন্য অন্য প্রার্থীরা বর্তমান মেয়র আমিরুল ইসলামকে দায়ী করে প্রচারণা চালাচ্ছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুস সালাম, আওয়ামী লীগের বিদ্রোহী নাগরিক কমিটির প্রার্থী দীল মোহাম্মদ ফারুক ও জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হারুন অর রশিদ। তবে ভোটারদের কাছে আরেকবার সুযোগ চেয়ে নির্বাচন করছেন বর্তমান মেয়র আমিরুল ইসলাম। তাঁর ভয় বর্তমান সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে নিয়ে। তিনি অভিযোগ করে বলেন, ‘জ্যাকব যেকোনো মূল্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুস সালামকে মেয়র হিসেবে জিতিয়ে আনবেন।’ সরেজমিনে ভোটারদের সঙ্গে কথা বলেও একই শঙ্কার আভাস পাওয়া গেল।শুধু আমিরুল ইসলামই নন, এই পৌরসভার আরও দুই মেয়র পদপ্রার্থী দীল মোহাম্মদ ও হারুন অর রশিদেরও একই অভিযোগ সাংসদ জ্যাকবের বিরুদ্ধে। তাঁরা তিনজনই স্থানীয় প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কাছে একাধিক লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁদের অভিযোগ, আবদুস সালামকে জিতিয়ে আনতে সাংসদ স্থানীয় প্রশাসন ও ভোটারদের চাপ দিচ্ছেন। প্রতিটি উঠানবৈঠকে নগদ টাকা প্রদান, গভীর নলকূপ স্থাপন, পুকুরের ঘাটলা ও বাড়ির রাস্তা নির্মাণের প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ইট-বালু প্রদান করেছেন। তবে সাংসদ জ্যাকব এসব অভিযোগ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন।উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দীল মোহাম্মদ নিজেকে নাগরিক কমিটির প্রার্থী উল্লেখ করে বলেন, ‘এখানকার জনগণ বর্তমান ব্যর্থ মেয়রের পরিবর্তন চায়। তাই আমি দীর্ঘদিন ধরে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি।’ চরফ্যাশন পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র পদপ্রার্থী আবদুস সালাম হাওলাদার বলেন, ‘জনগণ এবার পরিবর্তন চায়। সে কারণেই তৃণমূল আওয়ামী লীগের সমর্থনে আমি নির্বাচন করছি।’উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি, বর্তমান মেয়র ও বিএনপি-সমর্থিত প্রার্থী আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এলাকায় এমন কথাও বলা হচ্ছে যে কোনো ভোট না পেলেও সাংসদের প্রার্থী জিতবেন। তাঁদের লোকজন আমাকে ও আমার কর্মী-সমর্থকদের প্রচারণা চালাতে দিচ্ছে না।’ জানতে চাইলে স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব প্রথম আলোকে বলেন, ‘চরফ্যাশনের মানুষ অতীতে বিএনপির নির্যাতন দেখেছে। এ জন্য বিএনপির সাবেক সাংসদ বাসায় ঘাপটি মেরে বসে আছেন। কারণ ভোট চাইতে গেলে গণধোলাই খাওয়ার সম্ভাবনা আছে। বর্তমান মেয়র পৌরসভার কোনো উন্নয়নই করেননি। তাই এখানকার মানুষ এবার নীতিগতভাবে আওয়ামী লীগের প্রার্থীকে জেতানোর সিদ্ধান্ত নিয়েছে। এখানে শান্তিপূর্ণভাবে ভোট হবে।’ চরফ্যাশনের রিটার্নিং কর্মকর্তা নূর-ই-আলম বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু শান্তিপূর্ণভাবে হচ্ছে। তবে প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে ১৫ থেকে ২০টি অভিযোগ দিয়েছেন। আমরা সেগুলো তদন্ত করে দেখছি।’