আ.লীগ প্রার্থীকে সুবিধা দিতে রাস্তা সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরার ৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ সড়ক সংস্কারের কাজ চলছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
উত্তরার ৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ সড়ক সংস্কারের কাজ চলছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

নির্বাচনের আর মাত্র নয় দিন বাকি। এরই মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা সংস্কারের কাজ চলছে।
আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী আফছার উদ্দিনকে ভোটের মাঠে সুবিধা দিতে এসব রাস্তার সংস্কারকাজ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এ ওয়ার্ডের অন্য প্রার্থীরা। তাঁরা বলেন, এ ওয়ার্ডের অধীন উত্তরার প্রায় প্রতিটি সেক্টরের অধিকাংশ রাস্তার ভগ্নদশা অনেক দিনের। অথচ এত দিন সিটি করপোরেশন এদিকে নজরই দেয়নি। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে সুবিধা দিতে এখন তড়িঘড়ি করে রাস্তার কাজ করা হচ্ছে।
গত দুই দিন উত্তরার বিভিন্ন সেক্টরের মোট ১৪টি রাস্তা সংস্কারের কাজ দেখা গেছে। এর মধ্যে তিনটি রাস্তায় গত শুক্রবার পিচ ঢালাই দেওয়া হয়েছে।
রাস্তাগুলো হলো: ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রাস্তা, ৫ নম্বর সেক্টরের ২ নম্বর রাস্তা, ৬ নম্বর সেক্টরে ২, ৩ ও রাজউক কলেজের সামনের রাস্তা, ৭ নম্বর সেক্টরের ৮ ও ৯ নম্বর ও লেক ড্রাইভ রোড, ১০ নম্বর সেক্টরের ১ নম্বর রাস্তা, ১১ নম্বর সেক্টরের ২ ও ৩ নম্বর রাস্তা, ১২ নম্বর সেক্টরের ৮ নম্বর রাস্তা, ১৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রাস্তা এবং ১৪ নম্বর সেক্টরের ৮ নম্বর রাস্তা। এর মধ্যে ১২, ১৩ ও ১৪ নম্বর সেক্টর সিটি করপোরেশনের মধ্যে না পড়লেও এসব রাস্তার উপকারভোগীরা মূলত এ ওয়ার্ডের ভোটাররা।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর এলাকায় কোনো ধরনের উন্নয়নমূলক প্রকল্প অনুমোদন এবং আগে অনুমোদিত প্রকল্পে টাকা ছাড় করা যাবে না।
তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কুদরত উল্লাহর দাবি, এটি প্রকল্পের কাজ নয়, নিয়মিত কাজের অংশ। নিয়মিত কাজ করতে বাধা নেই।
কুদরত উল্লাহর এ দাবি নাকচ করে দেন বিএনপি-সমর্থিত প্রার্থী মো. কফিল উদ্দিন, জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী শরীফুল আলম সোহেল ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগের নেতা মামুন সরকার।
মামুন সরকার প্রথম আলোকে বলেন, এটি পক্ষপাতিত্বমূলক আচরণ, এতে অন্যদের ক্ষতি হবে। আর কফিল উদ্দিন বলেন, মানুষকে আকৃষ্ট করার জন্য এসব লোক দেখানো কাজ করা হচ্ছে। তবে তাদের উদ্দেশ্য সফল হবে না।
শুক্রবার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. আফছার উদ্দিনের নিজ এলাকা ৯ নম্বর সেক্টরের ৭ নম্বর রাস্তায় কাজ চলতে দেখা যায়। সেখানকার একজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, ‘আফছার ভাইয়ের সুপারিশে এ রাস্তার কাজ হয়েছে। উনি এখান থেকে ৯০ শতাংশ ভোট পাবেন।’
এ বিষয়ে জানতে চাইলে আফছার উদ্দিনও স্বীকার করেন যে তাঁর সুপারিশে এ রাস্তার কাজ হচ্ছে। তিনি বলেন, ‘আমি না বললে এ রাস্তার কাজ হতো না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন বড় কর্মকর্তাকে ধরে আমি রাস্তার কাজ করার ব্যবস্থা করেছি।’
প্রচারে আচরণবিধি লঙ্ঘন: ভোটের দিন যত ঘনাচ্ছে, এ ওয়ার্ডে নির্বাচনী প্রচার তত জমে উঠছে। পোস্টারে ছেয়ে গেছে পুরো উত্তরা। মাইকে রেকর্ড করা স্লোগান ও গান বাজিয়েও প্রচার চলছে। এ ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ-সমর্থিত ও দলটির ‘বিদ্রোহী ‘প্রার্থীদের বিরুদ্ধে।
নিয়ম অনুযায়ী, একজন কাউন্সিলর প্রার্থী কেবল একটি মাইক ব্যবহার করে বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রচার করতে পারবেন। কিন্তু আওয়ামী লীগের আফছার উদ্দিন এবং দুই বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল ইসলাম ও মামুন সরকার সকাল থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত মাইকে প্রচার করছেন বলে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী অন্য একাধিক প্রার্থী। গত দুই দিন দুপুর ১২টা থেকে এই তিন প্রার্থীর মাইকে প্রচার করতে দেখা গেছে।
বিএনপির বিদ্রোহী প্রার্থী হেলালউদ্দিন তালুকদার অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের প্রার্থীরা তিন-চারটা মাইক ব্যবহার করে প্রচার চালাচ্ছে। তাদের দেখাদেখি আমি দুটি মাইক নামাই। এ কারণে আমাকে নির্বাচন কমিশন সতর্ক করে নোটিশ দিয়েছে। কিন্তু তাদের কিছু বলে না।’
জানতে চাইলে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা শাহ আলম প্রথম আলোকে বলেন, আচরণবিধি অনুযায়ী উন্নয়নকাজ চালানো যাবে না। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।