আ.লীগ প্রার্থীদের পক্ষে নামার নির্দেশ স্বাচিপ নেতার
পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে কাজ করতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সদস্যদের নির্দেশ দিয়েছেন সংগঠনটির মহাসচিব এম এ আজিজ। আজ বৃহস্পতিবার আওয়ামী লীগপন্থী সংগঠনটির ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে তিনি এই নির্দেশ দেন।
রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনে আয়োজিত ওই সম্মেলনে উপস্থিত কয়েক শ চিকিৎসকের উদ্দেশ্যে এম এ আজিজ বলেন, ‘আপনাদের আমি একটি বার্তা দিতে চাই। সব শাখা কমিটিকে বলব, আপনারা পৌরসভা নির্বাচনে আমাদের দলের প্রার্থীর পক্ষে কাজ করবেন।’
তবে শাখা কমিটিগুলো ঠিক কীভাবে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করবেন সে সম্পর্কে ব্যাখ্যা দেননি তিনি।
পরে এ ব্যাপারে মুঠোফোনে এম এ আজিজ প্রথম আলোকে বলেন, ‘শাখা কমিটিগুলোকে দুদিন আগেই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করতে বলেছি।’ সরকারি চাকরিতে থেকে চিকিৎসকেরা কীভাবে নির্বাচনী প্রচারে অংশ নেবেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, চিকিৎসকদের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগের সুযোগ বেশি। এই সুযোগটাকে তাঁরা কাজে লাগাতে পারেন।
সম্মেলনে স্বাচিপের ময়মনসিংহ শাখার সভাপতি মতিউর রহমান বলেন, তাঁরা বিভিন্ন এলাকায় চিকিৎসকদের প্রার্থীর পক্ষে ভোট চাইতে বলেছেন।
পৌরসভা নির্বাচন সংক্রান্ত আচরণবিধির ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তা বা কর্মচারীর নির্বাচনী প্রচারণা এবং সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বাধা-নিষেধ’ অংশে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না। তিনি কেবলমাত্র নির্বাচনী এলাকার ভোটার হলে ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্রে যেতে পারবেন।
তবে এম এ আজিজ দাবি করেছেন, স্বাচিপে এখন সরকারি চাকরিতে থাকা চিকিৎসকের তুলনায় বেসরকারি খাতের চিকিৎসকের সংখ্যা বেশি। তবে স্বাচিপের ১৩ হাজার সদস্যের কতজন সরকারি খাতে এবং কতজন বেসরকারি খাতে কাজ করছেন তাৎক্ষণিকভাবে মহাসচিব সেই তথ্য দিতে পারেননি।
এ দিকে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, বিজয়ের মাসে সমগ্র দেশ জাতির জনককে শ্রদ্ধাভরে স্মরণ করছে। খালেদা জিয়া স্মরণ করছেন পাকিস্তানিদের। শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে খালেদা জিয়া তাঁর সেক্টর কমান্ডার স্বামী জিয়াউর রহমানকে ‘ডুবিয়ে’ দিয়েছেন বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।
চিকিৎসকদের আন্দোলনে নামার তাগিদ: সম্মেলনে অধিকার-মান-মর্যাদার প্রশ্নে চিকিৎসকদের মাঠে নামার আহ্বান জানিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, চিকিৎসকদের দাবি-দাওয়ার বিষয়টি জনসমক্ষে আসা উচিত।
সম্মেলনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান বলেন, স্বাচিপের উচিত চিকিৎসকদের স্বার্থ নিয়ে আন্দোলন করা। এ মুহূর্তে ১৮ হাজার মেডিকেল অফিসার আছেন। পরের ধাপের পদোন্নতির জন্য পদ ফাঁকা আছে এক হাজার। এর পরের ধাপে আছে পাঁচ শ। নতুন পদ সৃষ্টির উদ্যোগ নিতে সরকারের প্রতি তাগিদ দেন তিনি।