আ.লীগ প্রার্থীদের বিরুদ্ধে ভীতি ছড়ানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছেন। গতকাল রোববার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপি-মনোনীত প্রার্থী গাজী আক্কাস উদ্দিন এ অভিযোগ করেন।
এদিকে পটুয়াখালীর বিভিন্ন ইউনিয়নে বিএনপি-মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, মামলা দেওয়াসহ নানা ধরনের অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির তরফে করা অভিযোগে আওয়ামী লীগের লোকজনকে এর জন্য দায়ী করা হয়।
কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি নুর বাহাদুর, যুগ্ম সম্পাদক গাজী মোহাম্মদ ফারুক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক বশির উদ্দিন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে গাজী আক্কাস উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ মশিউর রহমান শুরু থেকেই মানুষের মধ্যে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করেছেন। আমার ধানের শীষ প্রতীকের সমর্থক, সাধারণ ভোটারসহ ইউনিয়নের নাগরিকদের লাঞ্ছিত করার মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে ভোটারবিহীন অবস্থায় খালি মাঠে গোল দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তিনি। ওই প্রার্থী সব রাজনৈতিক, সামাজিক ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করে একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে যাচ্ছেন। এসব যেন দেখার কেউ নেই। তিনি আরও বলেন, ‘আমরা দুজনই উদীয়মান প্রার্থী। সে কারণে আমাদের কাছে ভোটারদের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু আওয়ামী লীগের প্রার্থী ভোটের রাজনীতি না করে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।’
সৈয়দ মশিউর রহমান বলেন, ‘আমার কোনো সমর্থক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। বিএনপির প্রার্থীর বংশের মধ্যে বিরোধ আছে। সেই বিরোধের কারণে ঘটনা ঘটছে; আমার ওপর এর দায় চাপাচ্ছেন।’
টিয়াখালী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপজেলা পশুসম্পদ কর্মকর্তা মো. ইমরুল ইসলাম বলেন, ‘আমি বিএনপির প্রার্থীর কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে কলাপাড়া থানার ওসিকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। আর যে প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাঁর সঙ্গেও কথা বলেছি।’ তিনি আরও বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে অনেক সময় সাক্ষী-প্রমাণ পাওয়া যায় না। ফলে আমাদেরও কিছু করার থাকে না। তারপরও নির্বাচনকে কেউ যাতে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে জন্য আমরা তৎপর রয়েছি।’
পটুয়াখালী প্রেসক্লাবে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়া বলেন, তফসিল ঘোষণার পর থেকে বিএনপি-মনোনীত প্রার্থী, সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের ক্ষমতাসীন দলের প্রার্থী ও তাঁদের সন্ত্রাসী বাহিনী ভয়ভীতি দেখাচ্ছে এবং ত্রাসের রাজত্ব সৃষ্টি করে যাচ্ছে। তিনি আরও বলেন, সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবদুস সালাম শরীফকে ৪ মার্চ বিকেলে নিজ নির্বাচনী এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন থেকে দূরে রাখতে ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দিন সন্ধ্যায় মরিচবুনিয়া ইউনিয়নে সিঅ্যান্ডবি বাজারসংলগ্ন বিএনপি-মনোনীত প্রার্থী বশির উদ্দিনের নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় হামলা চালানো হয়। এ ছাড়া আউলিয়াপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
রব মিয়া আরও বলেন, ৪ মার্চ বিকেলে গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের বটতলা বাজারের নির্বাচনী কার্যালয় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ৩ মার্চ রাঙ্গাবালী ইউনিয়নে বিএনপির প্রার্থী আবদুর রহমান ফরাজির জনসংযোগের সময় হামলা চালানো হয়।