আ.লীগ প্রার্থীর কর্মীকে লাঠিপেটা, কনস্টেবল প্রত্যাহার
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার চণ্ডীপাশা চৌরাস্তা বাজার এলাকায় গত রোববার আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পথসভায় অংশ নেওয়া এক ব্যক্তি পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন। তাঁকে মারধর করায় নান্দাইল মডেল থানার এক পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, গতকাল রাতে ওই কনস্টেবলকে ময়মনসিংহ পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই কনস্টেবলের নাম মো. সুজাউদ্দৌলা।
কনস্টেবল সুজাউদ্দৌলা বলেন, তিনি কর্তৃপক্ষের নির্দেশে দায়িত্ব পালন করেছেন।
চণ্ডীপাশা চৌরাস্তা বাজারের চারজন ব্যবসায়ী বলেন, বাজার এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়ার সমর্থকেরা তাঁর পক্ষে পথসভার আয়োজন করে। এ সময় নান্দাইল-আঠারবাড়ি সড়কে চলাচল বিঘ্নিত হওয়ার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম জসীম উদ্দিন পুলিশসহ ঘটনাস্থলে যান। পুলিশ পথসভা থেকে মোজাম্মেল হক, সাইফুল ইসলাম ও শহিদ মিয়া নামের তিনজনকে আটক করে গাড়িতে ওঠানোর চেষ্টা করে। এতে শহিদ মিয়া বাধা দিলে পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। এ সময় সুজাউদ্দৌলা তাঁকে লাঠিপেটা করেন। এতে শহিদ মিয়া গুরুতর আহত হন।