আ.লীগ প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ
নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার পথে গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের আওয়ামী লীগের প্রার্থী আবদুল মজিদ মণ্ডলের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। তবে বিরোধী পক্ষ এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়ে উল্টো আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে।
সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ আবদুল মজিদ মণ্ডল গতকাল মোটরযান, মোটরসাইকেলসহ শতাধিক গাড়ির একটি বহর নিয়ে নির্বাচনী এলাকায় রওনা দেন। দুপুর পৌনে ১২টার দিকে গাড়িবহরটি বেলকুচি পৌর শহরের চালা এলাকা অতিক্রমের সময় সন্ত্রাসীরা ইটপাটকেল ছোড়ে।
আবদুল মজিদ বলেন, ‘আমার গাড়িবহরে মনোনয়নবঞ্চিত সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের স্ত্রী ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আশানুর বিশ্বাসের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা করে।’
আবদুল মজিদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে এই আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান বলেন, আওয়ামী লীগের প্রার্থীর গাড়িবহরে কোনো হামলা হয়নি।