আ.লীগ প্রার্থীর পক্ষে জেলা নেতাদের প্রচারণা, বিএনপিতে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের পাশে নেই জেলার নেতারা। প্রয়োজনীয় সময় নেতাদের পাশে না পেয়ে বিএনপির কর্মী-সমর্থকেরা হতাশ। তবে আওয়ামী লীগের নেতারা দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা অব্যাহত রেখেছেন।

বিএনপির তৃণমূল পর্যায়ের ২০ থেকে ২২ জন নেতা-কর্মী বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হলেও তাঁদের (জেলার নেতাদের) পাত্তা নেই। যাঁরা দুর্দিনে নির্বাচনের মাঠে নেই, তাঁদের নেতা হওয়ারও যোগ্যতা নেই।

উপজেলার তাহেরপুর ও ভবানীগঞ্জ পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীদের পক্ষে জেলার কোনো নেতা মাঠে নামেননি। নির্বাচনের মাঠে তাঁদের কোনো তৎপরতা নেই। তবে জেলার নেতারা না থাকলেও দলের উপজেলা শাখার কয়েকজন নেতা প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

বিএনপির রাজশাহী জেলা শাখার সহসভাপতি সাবেক সাংসদ আবদুল গফুর বলেন, ‘আমি শারীরিকভাবে অসুস্থ। শরীরে অস্ত্রোপচারের কারণে শহরে নিজ বাড়িতে অবস্থান করছি।’

বিএনপির বাগমারা উপজেলা সভাপতি মকলেছুর রহমান মণ্ডল বলেন, এখনো জেলার কোনো নেতা দুই পৌরসভা নির্বাচনে প্রচারণায় আসেননি। তাঁদের আসার জন্য অনুরোধ করা হয়েছে।

তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী আবু নঈম সামসুর রহমান বলেন, বিএনপির উপজেলা শাখার সভাপতি ছাড়া জেলার নেতারা এখনো মাঠে আসেননি।

ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, নির্বাচনের মাঠে একাকীই কাজ করতে হচ্ছে। জেলার কোনো নেতা এখন পর্যন্ত প্রচারণা চালাতে আসেননি।

এদিকে আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, তফসিল ঘোষণার পর থেকে উপজেলার দুই পৌরসভায় আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতারা মাঠে আছেন। নির্বাচনের আচরণবিধির কারণে স্থানীয় সাংসদ প্রচারণায় অংশ নিতে না পারলেও জেলার নেতারা থেমে নেই। তাঁরা দলীয় প্রার্থীদের পক্ষে বিভিন্ন সভায় অংশ নেওয়া ছাড়াও প্রচারণা অব্যাহত রেখেছেন। তাঁরা বিভক্ত হয়ে উপজেলার তাহেরপুর ও ভবানীগঞ্জে প্রচারণা চালাচ্ছেন।

আওয়ামী লীগের রাজশাহী জেলা শাখার সহসভাপতি অনিল কুমার সরকার, যুগ্ম সম্পাদক লায়েব উদ্দিন, কৃষিবিষয়ক সম্পাদক প্রতীক দাস রানাসহ ১২ থেকে ১৩ জন নেতা এলাকায় এসে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

অনিল কুমার সরকার বলেন, ‘দায়িত্বের খাতিরে দলের টানে রাজশাহী শহর থেকে এলাকায় এসে প্রার্থীর পক্ষে ভোট চাইছি।’

ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী আবদুল মালেক মণ্ডল বলেন, জেলার নেতারা তাঁর পাশে এসে যেভাবে সহযোগিতা করছেন এবং তাঁর জন্য ভোট চাইছেন এ জন্য তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞ।

তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, ‘দলের নেতারা আমার পাশে যেভাবে দাঁড়িয়েছেন, তাতে আমি সন্তুষ্ট।’