আ.লীগ প্রার্থীর পাশে নেই জ্যেষ্ঠ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সদর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর পক্ষে দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতা প্রচারণা চালাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। তাঁরা সরাসরি স্বতন্ত্র মেয়র প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী শানে আলম।
তবে আওয়ামী লীগে ‘গৃহবিবাদ’ থাকলেও স্বস্তিতে নেই বিএনপির মেয়র পদপ্রার্থী আবদুল মালেক। তিনি অভিযোগ করেছেন, স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী রফিকুল আলমের কর্মীরা তাঁর সমর্থকদের প্রচারণায় বাধা সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শন করছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে তিনি লিখিত অভিযোগও করেছেন। অবশ্য রফিকুল আলম এ অভিযোগ অস্বীকার করেছেন।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শানে আলমের মনোনয়ন নিয়ে বিরোধিতা করেছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম। এখন পর্যন্ত শানে আলমের পক্ষে প্রচারণায় অংশ নেননি তিনি। জাহেদুল আলমের ছোট ভাই জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক সম্পাদক দিদারুল আলমও স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী। জাহেদুল আলমের জেঠাতো ভাই আওয়ামী লীগ প্রার্থী প্রার্থী শানে আলম। আর জাহেদুল আলম, দিদারুল আলম ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম আপন ভাই। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের পক্ষে আওয়ামী লীগের নেতা দিদারুল আলমসহ তাঁদের ভক্ত নেতা-কর্মীরা নির্বাচনে কাজ করছেন।
তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জাহেদুল আলম। তাঁর ছোট ভাই দিদারুল আলম বলেন, ‘শানে আলমকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সত্য। কিন্তু দলে তাঁর কোনো পদ-পদবি নেই। তিনি আওয়ামী লীগের কে?’
জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল আলম বলেন, ‘আমি জাহেদুল আলমের ভাই পরিচয়ে নির্বাচন করছি না। গতবারও আমি নাগরিক কমিটির প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছি। এবারও নাগরিক কমিটির প্রার্থী হয়েছি।’
খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা বলেন, ‘দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কারও পক্ষে কাজ করার সুযোগ নেই। জ্যেষ্ঠ নেতারা যাকে ভালো মনে করেছেন তাঁকেই মনোনয়ন দিয়েছেন। যাঁর প্রতীক নৌকা তাঁর পক্ষেই সবাইকে কাজ করতে হবে। দল থেকে এ ব্যাপারে কঠোর নির্দেশনাও আছে। দলের সিদ্ধান্তের বাইরে কেউ অন্য কোনো প্রার্থীর পক্ষে নির্বাচন করলে তাঁকে অবশ্যই সাংগঠনিক শাস্তির মুখোমুখি হতে হবে।’
অপরদিকে বিএনপি প্রার্থী আবদুল মালেক গত সপ্তাহে স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের বিরুদ্ধে বিএনপির সমর্থকদের হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ১২ ডিসেম্বর ইসলামপুর এলাকায় তিনি গণসংযোগ করতে গেলে স্বতন্ত্র প্রার্থীর লোকজন ওই এলাকায় তাঁকে প্রচারণা চালাতে নিষেধ করেন। এ ছাড়া কলেজগেট এলাকায় স্বতন্ত্র প্রার্থীর লোকজন তাঁর একটি নির্বাচনী কার্যালয় বন্ধ করে দিয়েছে। এসব বিষয় তিনি লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছেন।
তবে স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম বলেন, ‘বিএনপি প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার প্রশ্নই আসে না। আমি কোনো দল করি না। আমি নাগরিক কমিটির প্রার্থী, নাগরিকদের নিয়ে আছি। আমি আওয়ামী লীগ, বিএনপি কোনো দল করি না।’