আ.লীগ প্রার্থীর প্রচারণাকালে হামলা, আহত ৩
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগের এক প্রার্থী তাঁর নির্বাচনী সমাবেশে যাওয়ার সময় বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন আহত হন এবং ছয়টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর সাবেক জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের পুত্র সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী তানভীর ইমাম দলীয় নেতা-কর্মীদের নিয়ে উল্লাপাড়া উপজেলার পঞ্চকোষী ইউনিয়নের বন্যাকান্দি বাজারে একটি নির্বাচনী সমাবেশে যোগ দিতে যান। সমাবেশস্থলে পৌঁছানোর আগেই ৫০-৬০ জন বিএনপি-জামায়াতের কর্মী লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর আক্রমণ চালান। এ সময় তানভীর ইমামের সঙ্গে থাকা তিনজন আহত হন।
বিএনপি-জামায়াতের সমর্থকেরা ছয়টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেন এবং আরও তিনটি মোটরসাইকেল ছিনিয়ে নেন। খবর পেয়ে উল্লাপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্ধার করে।
এ বিষয়ে তানভীর ইমামের নির্বাচনী প্রচারণার সঙ্গে থাকা সহকর্মী সুলতান হাফিজ খান বাবু অভিযোগ করে বলেন, ‘গণসংযোগের অংশ হিসেবে বন্যাকান্দি বাজারে সমাবেশস্থলে যাওয়ার আগেই বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকেরা আমাদের দলীয় লোকজনের ওপর হামলা চালায়। তারা ছয়টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়। একই সঙ্গে আরও তিনটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।’
এ বিষয়ে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।