আ.লীগ প্রার্থীর প্রচারে বাধা ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী এম এ হামিদ খানের প্রচারণা কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
হামিদ খানের অভিযোগ, গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি তাঁর অনুসারীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি এলাকায় প্রচারণা চালাতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দিয়ে বলেন, ছাত্রলীগের প্রার্থী আসাদ ভাই তাঁদের এই এলাকায় প্রচার চালাতে নিষেধ করেছেন। পরে চলে আসার সময় তাঁদের ওপর ইটপাটকেল ছোড়া হয়। তিনি বলেন, বৃহস্পতিবার তাঁর এক নারী কর্মী নীলক্ষেত এলাকায় প্রচারপত্র বিলি করার সময় তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন ছাত্রলীগের কর্মীরা। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার তিনি শাহবাগ থানায় জিডি করেন।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে ছাত্রলীগের প্রার্থী আসাদুজ্জামানের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান বলেন, এমন কোনো ঘটনা সম্পর্কে তাঁর জানা নেই।