আ.লীগ প্রার্থীর প্রতীক, বিদ্রোহীর পোস্টারে আগুন
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সরকারদলীয় চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীক এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর আনারস প্রতীকের টাঙানো পোস্টার পুড়ে ও ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে।
ক্ষেতলাল থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মামুদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সরকারদলীয় প্রার্থী মশিউর রহমানের টাঙিয়ে রাখা প্রতীক ‘নৌকা’ পুড়িয়ে দেওয়া হয়েছে। ইউনিয়নের মহব্বতপুর দক্ষিণপাড়া গ্রামের দাখিল মাদ্রাসা সংলগ্ন রাস্তায় ঝোলানো নৌকা প্রতীকটি গত বৃহস্পতিবার রাতে কে বা কারা পুড়িয়ে দেয়। এ ছাড়া ওই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুর রশিদের টাঙানো ‘আনারস’ মার্কার পোস্টার ছিঁড়ে জড়ো করে গত মঙ্গলবার রাতে পুড়িয়ে দেওয়া হয়েছে। ইউনিয়নের দুর্গাপুর ও মহব্বতপুর গ্রামে এই পোস্টার পোড়ানোর ঘটনা ঘটে।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আহসান মোর্শেদ মুঠোফোনে গতকাল বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁদের প্রার্থীর নৌকা প্রতীক পুড়িয়ে দেওয়া হয়। এদিকে বিদ্রোহী প্রার্থী আবদুর রশিদ অভিযোগ করেন, তাঁর টাঙানো আনারস মার্কার পোস্টারও রাতের আঁধারে ছিঁড়ে জড়ো করে পুড়িয়ে ফেলা হয়েছে।
ক্ষেতলাল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বিষয়টি তিনি জানেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।