
কক্সবাজার পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মুজিবুর রহমান। তিনি পেয়েছেন ৪১ হাজার ২৭২ ভোট।
তাঁর নিকটতম বিএনপির প্রার্থী মো. রফিকুল ইসলাম পেয়েছেন ৯ হাজার ৯৮০, নাগরিক কমিটির ব্যানারে জামায়াতের প্রার্থী সরওয়ার কামাল পেয়েছেন ৩ হাজার ৪৬৪ ভোট। রাত ১০টায় বেসরকারি সূত্রে এই ফলাফল পাওয়া গেছে। এই দুই প্রার্থীই অবশ্য আজ ভোট গ্রহণের শেষ পর্যায়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন প্রার্থী। ৩৯টি ভোটকেন্দ্রে ভোটার ছিল ৮৩ হাজার ৭২৮।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বলেন, বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী মুজিবুর রহমান বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন।
মুজিবুর রহমান মেয়র নির্বাচিত হওয়ায় এলাকায় বিজয় উৎসব করছে দলীয় সমর্থকেরা। ভারী বর্ষণের মধ্যেও কেন্দ্রে এসে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুজিবুর রহমান। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন, ১ নম্বর ওয়ার্ডে (১. ২ ও ৩ নম্বর ওয়ার্ড) শাহেনা আকতার, ২ নম্বর (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে) ইয়াসমিন আকতার, ৩ নম্বর (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে) জাহেদা আকতার ও ৪ নম্বর (১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে) নাসিমা আকতার।
কাউন্সিল পদে নির্বাচিত প্রার্থী হলেন: ১ নম্বর ওয়ার্ডে আকতার কামাল, ২ নম্বরে মিজানুর রহমান, ৩ নম্বরে মাহবুবুর রহমান চৌধুরী, ৪ নম্বরে দিদারুল ইসলাম রুবেল, ৫ নম্বরে শাহাবুদ্দিন সিকদার, ৬ নম্বরে ওমর সিদ্দিক ৭ নম্বরে আশরাফুল হুদি সিদ্দীকি, ৮ নম্বরে রাজ বিহারী দাশ, ৯ নম্বরে হেলাল উদ্দিন, ১০ নম্বরে সালাউদ্দিন, ১১ নম্বরে নুরুল হক ও ১২ নম্বরে কাজী মোরশেদ আহমদ।