আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একের অধিক মাইক ব্যবহার ও ধানের শীষ প্রতীকের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
বিএনপির প্রার্থী হুমায়ুন কবির গতকাল মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে এ অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়েছে, বিপুল চন্দ্র হাওলাদার কোনো নিয়মকানুনের তোয়াক্কা করতে চাইছেন না। তিনি নির্বাচন-সংক্রান্ত আইন পাশ কাটিয়ে চলছেন। ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হওয়ার পর বিপুল চন্দ্র হাওলাদার তাঁর নৌকা প্রতীকের সমর্থনে পৌর শহরে তিনটি মাইক ব্যবহার করেছেন, যা নির্বাচনী আচরণবিধির পুরোপুরি লঙ্ঘন। এ ছাড়া পৌর শহরের কলেজ রোড এলাকায় বিপুল চন্দ্র হাওলাদারের বাসার কাছে, বড়কলবাড়ি এলাকায়, মাদ্রাসা সড়ক এলাকায়, এতিমখানা এলাকায় টানানো ধানের শীষ প্রতীকের ব্যানার-পোস্টার রাতে ছিঁড়ে ফেলার অভিযোগ করা হয়েছে। বিপুল চন্দ্র হাওলাদার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘আমি একের অধিক মাইক ব্যবহার করি না। আর পোস্টার-ব্যানার বাতাসে ছিঁড়ে যাচ্ছে।’